প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ২০:৪৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৩ ২১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট লিমিটেডের আরও ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির করপোরেট পরিচালক এজি করপোরেশন লিমিটেড, যা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে কিনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে জেনারেশন নেক্সট।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে আরও চার দফায় জেনারেশন নেক্সটের ৩৫ লাখের বেশি শেয়ার কিনেছে করপোরেট পরিচালক এজি করপোরেশন। ৮ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০ লাখ, ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১০ লাখ, ১৬ ফেব্রুয়ারি তৃতীয় দফায় ১০ লাখ এবং ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৫ লাখ ১৯ হাজার শেয়ার কেনার ঘোষণা দেয় এজি করপোরেশন; যা ১ মার্চের মধ্যে কেনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ চার দফায় ৩৫ লাখ ১৯ হাজার শেয়ার কিনেছে এজি করপোরেশন।
জেনারেশন নেক্সট লিমিটেডের পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৯৭ লাখ টাকা। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা যৌথভাবে ১৪ দশমিক ৪৮ শতাংশ শেয়ার ধারণ করছেন। আগের মাসে যা ছিল ১৩ দশমিক ৮২ শতাংশ। উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা পালনে জেনারেশন নেক্সট লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের আরও ১৫ দশমিক ৫২ শতাংশ বা ৭ কোটি ৬৮ লাখের ওপরে শেয়ার কিনতে হবে।
জেনারেশন নেক্সট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর- ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।