চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২০:৪০ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২০:৪৯ পিএম
সংগৃহীত
সরকার ইমপোর্ট পারমিট
(আইপি) না দেওয়ায় বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে বন্ধ হচ্ছে ভারতীয় পেঁয়াজ আমদানি। আমদানির
শেষ দিন বুধবার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শতাধিক ট্রাক পেঁয়াজ
আমদানি হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের
রাজস্ব কর্যালয়ের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ‘ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরওয়ের (স্ট্যাটুটারি রুলস অ্যান্ড অর্ডার)
মাধ্যমে পেঁয়াজ আমদানি করত। তবে সেটা ১৫ মার্চের পর আর থাকছে না। যদি কোনো ব্যবসায়ী
ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে চায়, তাহলে তাকে যথাযথ কাগজ দেখিয়ে পেঁয়াজ আমদানি করতে
হবে।’
সোনামসজিদ বন্দরের সিঅ্যান্ডএফ
এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন বলেন, ‘প্রতিবছর পেঁয়াজ আমদানির জন্য সরকারের মার্চের ১৫ তারিখ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ
থাকে। আজকের পর থেকে সেই মেয়াদ না থাকায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবেন না।
সরকার নতুন করে আইপি দিলে তারপর আমদানি করা যাবে।’
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার খবরে শরিফুল ইসলাম নামের এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী বলেন, ‘দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। এটি বিবেচনা করে ও দেশের কৃষকদের পেঁয়াজের বাজারমূল্য সঠিক পাওয়ার জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে দেশীয় কৃষকরা তাদের চাষ করা পেঁয়াজের সঠিক মূল্য পাবেন। সরকারের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল।’