× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া পরিশোধ না করায় ই-টিআইএন সার্ভার বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৯:৩৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

অনিশ্চয়তার মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন আয়কর নিবন্ধন বা ই-টিআইএন ব্যবস্থা। মঙ্গলবার (১৪ মার্চ ) রাত থেকে বন্ধ সার্ভার। ফলে রাত থেকেই ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কর অঞ্চল ও সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ। 

কর্মকর্তারা জানান, হার্ডডিস্কের সমস্যার কারণে বন্ধ টিআইএন সার্ভার। কিন্তু অনুসন্ধানে জানা যায়, সার্ভারের ভেন্ডর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি দুই বছর আগে শেষ হলেও, সিস্টেম বুঝে নেয়নি এনবিআর। এখনও সেবা নিলেও কোনো ফি দিচ্ছে না সংস্থাটি।

বর্তমানে আয়কর নিবন্ধন ব্যবস্থা পুরোপুরি অনলাইন। প্রায় এক দশক আগে এ ব্যবস্থা চালু করে এনবিআর। সংস্থার হিসাবে, দেশে নিবন্ধিত করদাতা এখন ৮০ লাখের বেশি। করদাতা ও এনবিআরের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ ব্যবস্থায় সেবা নেয়।

ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট বিডি নামের সাইটটিতে মঙ্গলবার রাত থেকেই ঢোকা যাচ্ছে না। সমস্যা সমাধানে বুধবার দুপুরে রাজস্ব ভবনে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, হার্ডওয়্যার সমস্যায় বন্ধ রয়েছে আয়কর নিবন্ধন সেবা।

কর্মকর্তারা জানান, অনলাইনে আয়কর নিবন্ধনের পুরো ব্যবস্থাই ঝুঁকির মধ্যে। ডিজিটাল এই ব্যবস্থা তৈরিতে এনবিআরকে কারিগরি সহযোগিতা দেয় সিনেসিস আইটি নামে একটি দেশীয় কোম্পানি। দুই বছর আগে শেষ হয়েছে দুপক্ষের চুক্তির মেয়াদ। কিন্তু সার্ভার বুঝে নেয়নি এনবিআর। চুক্তি না থাকলেও সেবা দিচ্ছে সিনেসিস আইটি। যদিও বিল দিচ্ছে না এনবিআর।

কোম্পানিটির টাকা পরিশোধে এনবিআরের বোর্ড প্রশাসনকে একাধিকবার চিঠি দেন সংশ্লিষ্ট সদস্য। কিন্তু বোর্ড প্রশাসন রাজি হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মুখে ই-টিআইএন সার্ভার।

কর্মকর্তারা জানান, শুধু এবারই নয়, এর আগেও কয়েকবার বন্ধ ছিল ই-টিআইএন সার্ভার। ভেন্ডরের সঙ্গে চুক্তি না থাকায় সার্ভার সচল করতে নানা ঝামেলায় পড়ে এনবিআর।

কর্মকর্তারা জানান, এনবিআরকে কল সেন্টার সেবা দেওয়ার আগ্রহ দেখায় সিনেসিস আইটি। কিন্তু তারা বেশি ফি দাবি করায় রাজি হয়নি এনবিআর। এ নিয়ে দূরত্ব তৈরি হয় দুপক্ষের মধ্যে। অনিশ্চয়তার মুখে পড়ে ই-টিআইএন সার্ভার।

অন্যদিকে সভায় উপস্থিত থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বকেয়ার কথা জানিয়েছেন। তবে কত মাসের এবং কী পরিমাণ বকেয়া তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে সিনেসিস আইটির জেনারেল ম্যানেজার আমিনুল বারী শুভ্র বলেন, ’বকেয়ার জন্য এনবিআরের সেবা কোনোদিন বন্ধ ছিল না। এটা সম্পূর্ণ হার্ডওয়্যার ফেইলিয়র সমস্যা। আর হার্ডওয়্যারের সেবা দেয় অন্য ভেন্ডর।’ 

তিনি আরও বলেন, ’আমাদের টিম কাজ করছে খুব শিগগিরই এই সেবা আবার চালু হবে।’ 

এনবিআর সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে ই-টিআইএন সেবা দিচ্ছে সিনেসিস আইটি লিমিটেড। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের অর্থায়নে এই সেবা চালু হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা