এনবিআরের প্রাক-বাজেট আলোচনা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৯:১৭ পিএম
প্রবা ফটো
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত সব প্রতিষ্ঠানের জন্য ১০ বছরের কর মওকুফ সুবিধার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। মঙ্গলবার (১৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় এই প্রস্তাব তুলে ধরে সংগঠনটির সভাপতি শামিম আহমেদ।
সংগঠনটি তাদের প্রস্তাবে আরেও জানায়, বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের অগ্রিম আয়কর না নেওয়ার সুপারিশ করে তারা, রপ্তানি খাতের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের করপোরেট কর ১০ শতাংশ করা, পেট্রোকেমিক্যাল পণ্যে কাঁচামাল আমদানিতে সঠিক দাম নির্ধারণ করা, প্লাস্টিক খেলনাসামগ্রীতে ভ্যাট থেকে অব্যাহতির দাবি জানায় তারা।
বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের প্রস্তাবে আংশিক রপ্তানিমুখী শিল্পে ব্যাংক গ্যারান্টির সমপরিমাণ অর্থের বিপরীতে আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের জন্য শুল্ক বন্ড সুবিধা, ফার্নিচারের আমদানিকৃত কাঁচামালকে রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি থেকে অব্যাহতির প্রস্তাব দিয়েছে তারা। এ ছাড়া ম্যানুফ্যাকচারিং খাতে করপোরেট কর কমিয়ে বস্ত্র খাতের মতো নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) শিল্পপ্রতিষ্ঠানে বন্ড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা ও বন্ডেড প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতা তিন বছরে উন্নীত করার দাবি জানিয়েছে। এ ছাড়া স্থানীয় ক্রয় ভ্যাটের আওতাবহির্ভূত রাখা, নিয়মিত বন্ডের সুবিধা দেওয়া, স্থায়ী/অস্থায়ী আন্তঃবন্ড স্থানান্তরের ব্যবস্থা করা ও ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিজিএপিএমইএ।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির ওপর বিদ্যমান ১ শতাংশ উৎসে কর থেকে শূন্য দশমিক ২৫ শতাংশ করা ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি চেয়েছে। বর্তমানে অগ্রিম আয়কর ১০ শতাংশ নির্ধারিত আছে। এ ছাড়া প্রক্রিয়াজাতকৃত হিমায়িত রপ্তানিকরণ কারখানায় সরাসরি ক্রয়কৃত চিংড়ি ও মাছ ক্রয়ে উৎসে কর শূন্য করার দাবি জানিয়েছে বিএফএফইএ।
বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আর সীমা সাড়ে ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে। বাড়িভাড়ায় মাসে ৫০ হাজার টাকা করছাড়ের বিধান, গাড়ি আমদানিতে ৫০ থেকে ১০০ শতাংশ আমদানি কর মওকুফ, মুক্তিযোদ্ধাদের ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিগত মোটরযানে শতভাগ নিবন্ধন ফি মওকুফ ও পরিবারে প্রতিবন্ধী থাকলে ৫০ শতাংশ ফি মওকুফের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) তাদের প্রস্তাবে জানায়, বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুয়ায়ী, ২০৪১ সালের মধ্যে মোট উৎপাদিত শক্তির ৪০ ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করতে হবে। আসন্ন বাজেটে সোলার ইনভার্টার, সোলার প্যানেল মাউন্টিং, ইউবি প্রতিরোধক ডিসি, সোলার স্ট্রিট লাইট ও সোলার পাম্প, লিথিয়াম আয়রন ব্যাটারিসহ বিভিন্ন পণ্যের ওপর আরোপ করা আয়কর ও শুল্ক থাকলে এ লক্ষ্য অর্জন করা অনেকটাই অসম্ভব।
বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির প্রস্তাবে বলা হয়েছে, ২০১২ সালের মূসক ও সম্পূরক আইনের ২৬ ধারার আলোকে অব্যাহতির তালিকায় কেক, ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি পণ্য অন্তর্ভুক্ত করা, কনফেকশনারি পণ্য ভ্যাটমুক্ত রাখা, ২০০ টাকা মূল্যের প্রতি কেজি বিস্কুট ও ২৫০ কেজি টাকা মূল্যে প্রতি কেজি কেক ভ্যাটের আওতামুক্ত রাখা।
বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন তাদের প্রস্তাবে জানায়, আমদানি পর্যায়ে যদি কোনো পণ্যের ওপর উৎসে কর কর্তন করা হয়, তাহলে সরবরাহ বিল থেকে পুনরায় আয়কর কর্তন অব্যাহতি প্রদান।
ই-ক্যাবের প্রস্তাবে বলা হয়েছে, ই-কমার্স প্রতিষ্ঠানের অফিস, গোডাউন, ফুলফিলমেন্ট সেন্টার, সর্টিং সেন্টারের ভাড়ার ওপর থেকে ভ্যাট রহিত করা, ডেলিভারি চার্জের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা, ১০ বছরের জন্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কর অব্যাহতি প্রদান ইত্যাদি।
এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘আমরা উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি, মনের দিক দিয়েও আমাদের উন্নত হতে হবে। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সাহস থাকতে হবে। ভ্যাট-ট্যাক্স দিলে আর এগিয়ে যেতে পারছি না। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ট্যাক্স-ভ্যাট এগুলো মাফ নয়, এগুলো দিয়েই আমরা ব্যবসা করব-এই মানসিকতা থাকতে হবে আমাদের ব্যবসায়ীদের।’