মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৯:৫৭ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ২১:০৪ পিএম
মেট্রোরেলের ছয়টি বগি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। প্রবা ফটো
ঢাকা মেট্রোরেল-৬-এর শেষ চালানের ছয়টি বগি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে।
ভেনাস ট্রাম্পের স্থানীয় এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, মেট্রোরেলের ১৩তম এই চালান নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে রওনা হয় জাহাজটি। চারটি প্যাসেঞ্জার বগি ও দুটি ইঞ্জিন বগি ছাড়াও এই জাহাজে মেট্রোরেলের ৭৮তম প্যাকেজের ৩৫৬ টন যন্ত্রপাতিও আনা হয়েছে। এসব পণ্য খালাস শেষে জাহাজটি সোমবার সকালে বন্দর ত্যাগ করবে। খালাস করা পণ্য নদীপথে ঢাকার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোয় পাঠানো হবে।
ওয়াহিদুজ্জামান জানান, এ পর্যন্ত জাপান থেকে ১৫টি জাহাজে করে ২৪ সেট মেট্টোরেলের জন্য ৯৬টি যাত্রী কোচ আর ৪৮টি ইঞ্জিন এসেছে। প্রতিটি সেটে রয়েছে চারটি যাত্রী কোচ ও দুটি ইঞ্জিন কোচ। মেট্রোরেলের প্রথম চালান আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে আসে ৬টি কোচ।
ঢাকা মেট্রোরেলের পরিকল্পিত ৬টি লাইনের মধ্যে ৬ নম্বরটি আংশিক বাস্তবায়ন হয়েছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত। এর গন্তব্য মতিঝিল হয়ে কমলাপুর রেলস্টেশন। চলতি বছর মতিঝিল পর্যন্ত আর আগামী বছরের মধ্যে কমলাপুর পর্যন্ত বাস্তবায়ন করতে চায় সরকার।