প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৭:০৩ পিএম
প্রবা ফটো
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির সিইওসহ বিশ্বের ১৭টির বেশি দেশ থেকে দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিদলের মিলনমেলা বসছে ঢাকায়।
গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, এই সামিট বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজনেস সামিট দেশের ব্র্যান্ডিং করবে উল্লেখ করে জসিম উদ্দিন আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। সামিটে যোগ দিতে ইতোমধ্যে ৭৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়া রেজিস্ট্রেশনের বাইরেও অনেকে সামিটে যোগ দেবেন। দেশ-বিদেশের যে ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন তারা মোটা অঙ্কের নিবন্ধন ফি প্রদান করে ব্যবসায় অংশ নিচ্ছেন। এ থেকেই বোঝা যায়, বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে এখন মানুষের আগ্রহ অনেক বেশি। তারা এখানে ব্যবসা করতে চান। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সামিট বাংলাদেশ এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই সভাপতি জানান, বাংলাদেশ বিজনেস সামিটে ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিসহ ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে তারা বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করবেন। যা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় এফবিসিসিআইয়ের এই বিজনেস সামিট দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং দেশে ব্যবসার প্রসারে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এমএ রাজ্জাক খান রাজ, পরিচালক ও বিভিন্ন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।