প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৯:৪৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ২০:০২ পিএম
ছবি : সংগৃহীত
সবুজ কারখানা হিসেবে গোল্ড ক্যাটাগরি থেকে প্লাটিনাম ক্যাটাগরির সনদ পেয়েছে চট্টগ্রামে অবস্থিত প্যাসিফিক জেনস গ্রুপের প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনস লিমিটেড।
শনিবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারক সমিতির পরিচালক মো. মহিউদ্দিন রুবেল। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) বুধবার (১ মার্চ) নতুন মান সনদে ভূষিত করে এনএইচটি ফ্যাশনস লিমিটেডকে। এতে কোম্পানিটি ৮৪ পয়েন্ট নিয়ে প্লাটিনামে উন্নতি হয়েছে। এর আগে ২০১৭ সালের ৩০ আগস্ট ইউএসজিবিসি কোম্পানিটিকে ৬৪ পয়েন্ট পাওয়ায় গোল্ড ক্যাটাগরির সনদ দিয়েছিল।
এ বিষয়ে মহিউদ্দিন রুবেল বলেন, 'এটা খুবই আনন্দের সংবাদ যে এনএইচটি ফ্যাশনস লিমিটেডকে পুনরায় সার্টিফাইড করা হয়েছে। ৬৪ থেকে ৮৪ পয়েন্ট অর্জন করা এটা অবশ্যই বড় একটা প্রাপ্তি। এতে প্রমাণ হয় যে বাংলাদেশ রি-সার্টিফাইড বিষয়ে বেশ ভালো করছে।'
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ কারখানার তালিকায় ১০৪ পয়েন্ট নিয়ে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গ্রিন টেক্সটাইল লিমিটেড রয়েছে প্রথম স্থানে। এ ছাড়া শীর্ষ ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশেরই রয়েছে ৫২টি। যেখানে প্রতিযোগী দেশ চীনের রয়েছে ১০টি, ভিয়েতনামের ৪টি, ভারতের ৬টি, পাকিস্তানের ৯টি, তাইওয়ানের ৪টি, যুক্তরাষ্ট্রের ২টি, মিয়ানমারের ২টি, শ্রীলঙ্কার ৬টি। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, মেক্সিকো, পোল্যান্ড, প্যারাগুয়ে, রোমানিয়া এবং তুরস্কের রয়েছে ১টি করে প্রতিষ্ঠান।