প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৫:৫৫ পিএম
প্রবা ফটো
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে যা কমে দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। বৈদেশিক অর্থায়ন ৭৪ হাজার ৫০০ কোটি টাকা। বৈদেশিক বরাদ্দ কমছে ১৮ হাজার ৫০০ কোটি টাকা। যা মূল এডিপিতে ছিল ৯৩ হাজার কোটি টাকা। সরকারের অর্থায়ন কমানো হয়নি। ১৫২৫ প্রকল্পের বিপরীতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ৩৫৩ টি চলমান প্রকল্প চলতি অর্থবছরেই সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের অর্থনীতির চিত্র তুলে ধরে শামসুল আলম বলেন, চলতি অর্থবছরের সাত মাসে রপ্তানি রেমিট্যান্স বেড়েছে। গত আগস্ট থেকে টানা মূল্যস্ফীতি কমেছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট থাকলেও আমাদের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে।
এনইসি সভায় দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ফসল উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে। জনবলের অভাবে প্রকল্পের নির্মাণকৃত ভবন পড়ে থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে বলেছেন।
সংকটের সময়েও বৈদেশিক ঋণের প্রকল্পে বরাদ্দ কমার বিষয়ে পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার বলেন, এ বিষয়ে আজ এনইসি সভায় আলোচনা হয়েছে। সভায় বৈদেশিক ঋণের প্রকল্পগুলোতে গতি বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। যাতে এই সংকটের সময়ে ডলার কাজে লাগানো যায়।
জানা গেছে, চলতি অর্থ বছরে সংশোধিত এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প গুলোতে যে চাহিদা ছিল তার তুলনায় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আরএডিপিতে মন্ত্রণালয় ও বিভাগ গুলোর চাহিদা ছিল ২ লাখ ২৫ হাজার ২৪৮ কোটি টাকা। আর বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৫৬ কোটি টাকা। অর্থাৎ চাহিদা তুলনায় ২ হাজার ৩১৭ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে।
সংশোধিত এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তারা পেয়েছে ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা। ২৯ হাজার ৮৯৬ কোটি টাকা পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ২৫ হাজার ২৪৬ কোটি টাকা পেয়েছে বিদ্যুৎ বিভাগ। রেলপথ মন্ত্রণালয় পেয়েছে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা। পানি সম্পদ মন্ত্রণালয় পেয়েছে ১১ হাজার ৩৩২ কোটি টাকা।
তবে এমআরটি-৬, পদ্মা রেল সেতু ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ কিছুটা বাড়লেও অন্য মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ কমেছে। পদ্মা সেতু উদ্বোধন হলেও এ প্রকল্পে চলতে অর্থবছরে বরাদ্দ ছিল ২ হাজার ২০২ কোটি টাকা। সংশোধিত এডিপিতে যা কমে হচ্ছে ১ হাজার ৪০২ কোটি টাকা করা হচ্ছে। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মূল এডিপিতে রাখা ছিল ১৩ হাজার ৩৯৫ কোটি টাকা। তবে সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ কমে হচ্ছে ১১ হাজার ১৩৯ কোটি টাকা। প্রকল্পটিতে বিদেশি অংশ কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা, অন্যদিকে বেড়েছে দেশীয় অংশ।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বরাদ্দ ৩ হাজার ৭০২ কোটি টাকা থেকে কমে হচ্ছে ৩ হাজার ৩০০ কোটি টাকা। ‘কর্ণফুলী নদীর তলদেশে বহুমুখী সড়ক টানেল’ প্রকল্পে বরাদ্দ ২ হাজার কোটি টাকা থেকে কমে ১ হাজার ৭২১ কোটি টাকা হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার রেলসংযোগ প্রকল্পের বরাদ্দ ১ হাজার ৪৫০ কোটি টাকা থেকে কমে ১ হাজার ২০ কোটি টাকা হচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের জন্য মূল এডিপিতে বরাদ্দ ছিল ৬ হাজার ১৯ কোটি টাকা। আরএডিপিতে তা কমে হচ্ছে ৪ হাজার ৪৬৯ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য মূল এডিপিতে ছিল ৩ হাজার ৮৫০ কোটি টাকা। আরএডিপিতে তা কমে হচ্ছে ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্পের বরাদ্দ হচ্ছে ১ হাজার ১৭ কোটি টাকা।
তবে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পে ৫ হাজার ৮০৯ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯০৯ কোটি টাকা করা হচ্ছে। একইভাবে মাতারবাড়ী আলট্রা সুপার বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বরাদ্দ ৬ হাজার ৮১৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭৫৫ কোটি টাকা করা হচ্ছে। আর এমআরটি-৬ প্রকল্পে বরাদ্দ ২ হাজার ৮৮২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৯ কোটি টাকা করা হয়েছে।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত ১৬২৭টি প্রকল্প রাখা হয়েছে। যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৪১০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১০২টি।