প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
মার্চের জন্য খুচরা বাজারে পেট্রোলের দাম নির্ধারণ করতে মঙ্গলবার আলোচনায় বসবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার ২০১৫ সালের আগস্টে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণমুক্ত করার ঘোষণা দেয়। ঘোষণার পর থেকে প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসের শেষ দিন পেট্রোলের দাম সংশোধন করে দেশটি।
জ্বালানি তেলের দাম নির্ধারণী কমিটি ফেব্রুয়ারির জন্য জ্বালানি তেলের দাম গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বাড়িয়েছিল। ফলে সুপার পেট্রোলের দাম ৩ দশমিক শূন্য ৫ দিরহাম বেড়ে প্রতি লিটার ৯৮ দিরহাম হয়েছিল। একই সঙ্গে স্পেশাল পেট্রোল প্রতি লিটার ২ দশমিক ৯৩ দিরহাম বেড়ে ৯৫ দিরহাম দাঁড়ায় এবং ই-প্লাস পেট্রোল লিটারপ্রতি বাড়ে ২ দশমিক ৮৬ দিরহাম।
নিয়ন্ত্রণহীনতার পরেও বৈশ্বিক দামের তুলনায় স্থানীয় বাজারে জ্বালানির দাম যথেষ্ট সস্তা ছিল। কারণ বেশিরভাগ দেশ যেখানে জ্বালানি ব্যবহারের ওপর কর আরোপ করে সেখানে সংযুক্ত আরব আমিরাতে শুধু খুচরা বাজারে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ধার্য করা হয়।
গ্লোবাল পেট্রোল প্রাইসেস ডটকম অনুসারে, বিশ্বব্যাপী গড় হারের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে পেট্রোলের দাম প্রতি লিটারে কমেছে ১ দশমিক ৪৪ দিরহাম।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এশিয়ায় তেলের দাম শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি হয়েছে ৮২ ডলার ৮৮ সেন্ট। যেখানে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৭৬ ডলার ৯ সেন্টে দাঁড়িয়েছে।
এদিকে রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী অধিক মাত্রায় বেড়েছিল জ্বালানি তেলের দাম। এরই ধারাবাহিকতায় গত বছরের জুলাইয়ে দেশটিতে তেলের দাম শীর্ষে উঠেছিল। আমিরাত তখন তিনটি ভেরিয়েন্টের পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ দিরহামের বেশি বাড়িয়েছিল। যদিও বিশ্ব অর্থনৈতিক মন্দার শঙ্কায় গত বছরের শেষ চার মাসে দাম কম ছিল।
সূত্র : খালিজ টাইমস