প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডের অর্থনীতিতে সুদিন ফিরছে। সেখানে পর্যটক গমন বেড়েছে। সার্বিকভাবে পর্যটনের ওপর ভিত্তি করে চলতি বছর দেশটিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির আশা করা হচ্ছে। এতে মূল্যস্ফীতির তীব্রতা কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আরখম টারমপিত্তায়াপাইসিথ।
রেডিও থাইল্যান্ডে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে অভ্যন্তরীণ খরচ বৃদ্ধি পাওয়ায় সরকার বড় প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে। যা প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এখন আমাদের এগিয়ে যাওয়ায় ভরসা হলো পর্যটন খাত।
দেশটিতে গত বছর ২ দশমিক ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পর্যটক বৃদ্ধি পাওয়ায় আশার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে।
অর্থমন্ত্রী আশা করছেন চলতি বছর দেশটিতে ২ কোটি ৭৫ লাখ বিদেশি পর্যটক আসবে। যা ২০২২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর পর্যটক এসেছিলেন ১ কোটি ১১ লাখ। করোনা মহামারির পর ২০১৯ সালে সেখানে প্রায় ৪ কোটি বিদেশি পর্যটক ভ্রমণ করেছে।
সম্প্রতি তিনি গণমাধ্যমে বলেছিলেন চীনা পর্যটক ফিরে আসার সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের অর্থনৈতিক চাঙাভাব ফিরে আসছে।
গত শনিবার তিনি আরও বলেন, যেকোনোভাবে ব্যাংকে সুদের হার বৃদ্ধি পেতে ব্যবসায়ের খরচ এবং গৃহস্থালি ঋণকে বাড়িয়ে তুলবে। কারণ, কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ভোক্তাদের জীবনযাপন বিবেচনা করে সেটা আস্তে আস্তে করা হবে। কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে মূল্যস্ফীতি ১ থেকে ৩ শতাংশের মধ্যে রাখা। গত বছর ২৪ বছরের সর্বোচ্চ ৬ দশমিক শূন্য ৮ শতাংশে পৌঁছে যায়।
তিনি আরও বলেন, রপ্তানির পরিমাণ কমলেও থাই মুদ্রার শক্তি কমছে না। ৩৪ থেকে ৩৫ থাই বাথে মিলছে প্রতি ডলার। গত শুক্রবার প্রতি ডলারের দাম ছিল ৩৪ দশমিক ৮ বাথ।
করোনার বিধিনিষেধ শিথিল করার পরই থাইল্যান্ডে পর্যটকদের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। দেশটিতে রয়েছে মন্দির, সমুদ্রসৈকত ও জাতীয় পার্ক। ধারণা করা হচ্ছে, এ বছরই দক্ষিণ এশিয়ার দেশটিতে তিন কোটি লোক ভ্রমণ করবে, যা গত বছরের এক কোটির থেকে অনেক বেশি।
যদিও কোভিড-পূর্ববর্তী সময়ে দেশটিতে এর চেয়ে অনেক বেশি পর্যটক ভ্রমণ করত। ফলে থাইল্যান্ডের জিডিপির ১০ শতাংশ আয় হতো পর্যটন খাত থেকে। তবে, করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে দেশটি প্রায় পর্যটকশূন্য হয়ে পড়ে। ২০২১ সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার পর্যটকের আনাগোনা শুরু হয়। সূত্র : রয়টার্স