× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পরিসংখ্যান দিবস সোমবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিসংখ্যান দিবস। সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বিবিএসের বিভিন্ন জরিপ ও তথ্য নিয়ে নানা প্রশ্ন, আলোচনা-সমালোচনা থাকলেও সরকারের লক্ষ্য অর্জনে সঠিক তথ্য দিয়ে কাজ করছে সংস্থাটি।

এবার তৃতীয়বারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। 

জানা যায়, ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

সূত্র জানায়, সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করে দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন প্রকার সার্ভে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে থাকে বিবিএস। যদিও জরিপ নিয়ে বিশিষ্টজনদের নানা প্রশ্ন-সমালোচনা রয়েছে। তবে এসডিজির লক্ষ্য অর্জনে সঠিক তথ্য দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিবিএস। 

এসডিজির ২৩১টি সূচকের মধ্যে ১০৫টির উপাত্তই দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ৪টি সূচকের উপাত্ত দিচ্ছে, অর্থাৎ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২৩১টি সূচকের মধ্যে মোট ১০৯টি সূচকের উপাত্ত দিচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ রূপায়ণের অন্যতম শক্তি ‘পরিসংখ্যান ও তথ্যপ্রযুক্তি’ বিবেচনায় ২০১২ সালে পরিসংখ্যান-ব্যবস্থাকে আরও সুসংহত ও গণমুখী করতে বিস্তৃত পরিসরে পুনঃপ্রতিষ্ঠা করা হয় ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’। একে প্রাতিষ্ঠানিক রূপদান তথা এর আইনগত ভিত্তি স্থাপনের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি দেশের পরিসংখ্যান-ব্যবস্থার সার্বিক উন্নয়নের স্বার্থে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২০১৩ সালে পরিসংখ্যান উন্নয়নে জাতীয় কৌশলপত্র এসএসডিএস অনুমোদন করে সরকার।

সঠিক পরিসংখ্যান দেওয়ার বিষয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মাঠপর্যায় থেকে সঠিক তথ্য তুলে আনতে সর্বাত্মক চেষ্টা করছে বিবিএস। কারও প্রশ্ন সমালোচনার ঊর্ধ্বে নয়। তবে আমরা নিয়মিত নিজেদের সমৃদ্ধ করছি। এসডিজিসহ সব তথ্যই সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করছি।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মতিয়ার রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে বিবিএসের যাত্রা শুরু হয়। তারই আদর্শকে ধারণ করে সঠিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বিবিএস। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক পরিসংখ্যান কোড অনুসরণ করে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা