প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
বোয়িং আবারও সাময়িকভাবে ৭৮৭ ড্রিমলাইনারের ডেলিভারি স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণ সংস্থাটি সরবরাহ শুরুর এক মাসের মধ্যে আবারও ডেলিভারি বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে প্রায় এক বছর ডেলিভারি বন্ধ রেখেছিল। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজের যন্ত্রাংশে ত্রুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে, সম্প্রতি সার্টিফিকেশন রেকর্ড পর্যালোচনা করতে গিয়ে সরবরাহকারীরা ৭৮৭’র বাল্কহেডে ত্রুটি পায়। ফলে এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এফএএ-কে অবহিত করা হয়েছে এবং ৭৮৭’র ডেলিভারি বন্ধ রয়েছে। এফএএ-কে সমস্যার সমাধান না দেখানো পর্যন্ত ডেলিভারিতে যেতে পারবে না বোয়িং। তবে কোম্পানির উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। এ পরিস্থিতিতে অতিরিক্ত কাজের আশা দেখা যাচ্ছে না।
কোম্পানিটি জানিয়েছে, সচল ফ্লাইটগুলো নিয়ে উদ্বেগ থাকলেও তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। এফএএ’র নির্দেশনা অনুসরণ করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংকট দেখা দিলেও এ বছর বোয়িংয়ের উৎপাদন ও ডেলিভারি নিয়ে আশাবাদী তারা।
বোয়িংয়ের ফ্লাইটগুলো প্রায়ই দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে চলাচল করে। কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এই বিমান নির্মাণ সংস্থাটি। এবারই যে এটি প্রথম ডেলিভারি বন্ধ করল তা নয়। এর আগে নির্মাণত্রুটির কারণে ২০২০ সালে পাঁচ মাস ৭৮৭’র ডেলিভারি করতে পারেনি বোয়িং। পরের বছর অর্থাৎ ২০২১ সালেও দ্বিতীয়বারের মতো এর বৃহদাকার উড়োজাহাজের ডেলিভারি বন্ধ করে এফএএ। সূত্র : সিএনএন