প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৮ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
চলতি মাসে চীনজুড়ে শত শত চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চাকরির বাজারে সুদিন ফিরবে বলে আশা করা হচ্ছে। মেলার আয়োজক ও কর্তৃপক্ষ বলছে, তাদের প্রধান লক্ষ্য কোভিড মহামারির আগের জীবনযাত্রায় ফিরে আসা এবং দেশের যুবকদের বেকারত্বের হার কমানো।
বর্তমানে চীনের বেইজিংয়ে সবচেয়ে বেশি তরুণ বেকার রয়েছেন। তবে মেলা থেকে ২০ শতাংশ পর্যন্ত যুব বেকারত্ব কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দেশটির প্রায় ১৪০ কোটি জনগণের জন্য চাকরির মেলা প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে ও চাকরিপ্রত্যাশীদের কাজ পাওয়ার অন্যতম কার্যকর উপায়।
দীর্ঘ সময় অপেক্ষার পর আবার চাকরি মেলা শুরু হওয়ায় চাকরিপ্রত্যাশীরা আনন্দ প্রকাশ করেছেন। মেলায় আসা চাকরিপ্রার্থী লিউ লিয়াংলিয়াং (২৪) বলেন, আমি উচ্চ বেতনের চাকরির প্রত্যাশা করছি না। শুধু একটি স্থায়ী ও স্থিতিশীল চাকরির প্রয়োজন। হোটেল বা প্রোপার্টি ব্যবস্থাপনা কোম্পানিগুলোতে চাকরি খুঁজছি। তবে আতঙ্কের বিষয় হলো, একটি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী লড়াই করবেন।
দীর্ঘ তিন বছর পর চীনে ফের চালু হয়েছে চাকরি মেলা। করোনা মহামারির কারণে মেলার সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়েছে। তবে এবার আবার আগের অবস্থায় ফিরেছে মেলা। যদিও এবাবের মেলায় প্রতিষ্ঠানগুলোর কর্মী চাহিদা কম রয়েছে। চীনের প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার এবং সুরক্ষিত করতে কম বেতনে ও নিম্ন পদের চাকরিগুলোতে বেশি সুযোগ দিচ্ছে। যদিও করোনাকালে অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন।