প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
চলতি মাসে জাপানের শিল্পোৎপাদন কার্যক্রমে গতি কমেছে। গত আড়াই বছরের
মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সংকুচিত হয়েছে।
গতকাল প্রকাশিত জাপানের একটি ব্যবসায়িক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে
উৎপাদন খরচ বেড়েছে এবং উৎপাদিত পণ্যের চাহিদা দুর্বল হয়েছে। ফলে অর্থনীতি উদ্বেগজনক
হারে সংকুচিত হচ্ছে।
এইউ জিবুন ব্যাংক, জাপানের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস
ইনডেক্স (পিএমআই) এ তথ্যে দেখা যায়, গত চার মাস ধরে পিএমআই সূচক ৫০ পয়েন্টের নিচে অবস্থান
করছে। চলতি বছরের জানুয়ারিতে পিএমআই ৪৮ দশমিক ৯ পয়েন্টে উঠে আসে এবং যা ফেব্রুয়ারিতে
ছিল ৪৭ দশমিক ৪ পয়েন্টে। এর আগে ২০২০ সালের আগস্টে সূচকের সবচেয়ে বড় পতন হয়েছিল,
যার পরিমাণ ৪৭ দশমিক ২ পয়েন্ট। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির
দেশ জাপানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটের দিকে যাচ্ছে।
জাপানের বাজার বিশ্লেষণে দেখা যায়, গত আট মাস ধরে ফ্যাক্টরি উৎপাদন
এবং নতুন অর্ডার নিম্নমুখী রয়েছে। জানুয়ারিতে তা আরও কমেছে।
কোভিড মহামারি লকডাউনের কারণে বৈশ্বিক চাহিদা দুর্বল হওয়ায় ২০২০ সালে
জাপানে রপ্তানি খাতে সবচেয়ে বড় পতন ঘটে। ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এবং চলতি
বছরের জানুয়ারিতে দেশটিতে রেকর্ড বাণিজ্য ঘাটতি দেখা দেয়।
সূত্র : রয়টার্স