প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৮ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৪ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বের বৃহত্তম কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস ইতালিতে অলিভ অয়েল বা জলপাই তেলমিশ্রিত কফি চালু করেছে। প্রতিষ্ঠানটি নতুন এই কফির নাম দিয়েছে ওলেআটো। বাজারে আনা নতুন স্বাদের কফির বিষয়ে যুক্তরাষ্ট্রে স্টারবাকসের প্রধান নির্বাহী (সিইও) হাওয়ার্ড শুলৎজ বলেন, ’কফিতে অলিভ অয়েল মিশ্রণ একটা আশ্চর্যের বিষয়। এটা মসৃণ কফিতে মাখনের গন্ধ ও স্বাদ বাড়িয়ে দেয়। আর সেই স্বাদ মুখে লেগে থাকে অনেকক্ষণ। অনেকের হয়তো কফির স্বাদ ও গন্ধ নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে, কফিতে অলিভ অয়েলের মিশ্রণ সত্যি দারুণ। গত ৪০ বছরের মধ্যে কোনো কফি বা পানীয় নিয়ে এর আগে এতটা উত্তেজিত বা উৎসাহী হইনি।’
স্টারবাকস সম্প্রতি ইতালিতে ২০টি কফির দোকান চালু করেছে। তবে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম কফি চেইন স্টারবাকস ইতালির বাজারে ব্যবসা বাড়াতে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে। কিন্তু কফি প্রস্তুতকারকদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন হাওয়ার্ড শুলৎজ।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া এই বসন্তে স্টারবাকসের দোকানগুলোতে নতুন কয়েক স্বাদ ও ফ্লেভারের গরম ও ঠান্ডা কফি আনার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং জাপানে এসব নতুন ফ্লেভারের কফিগুলো পাওয়া যাবে। হাওয়ার্ড শুলৎজ আরও বলেন, ’আমাদের কফির দোকানে দুই ধরনের ওলেআটো কফি পাওয়া যাবে। একটি অলিভ অয়েল মেশানো ঠান্ডা এসপ্রেসো এবং আরেকটি অলিভ অয়েল মেশানো ওট দুধে সেদ্ধ করা হট কফি।’ সূত্র : বিবিসি।