প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা। দেশীয় দুই প্রতিষ্ঠান থেকে এই সয়াবিন তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, ’বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজকের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য খরচ হবে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।’
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য এই সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগের ক্রয়মূল্য ছিল ১৭৭ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হচ্ছে।
সাঈদ মাহবুব খান বলেন, ’বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউএন ট্রেডিং ঢাকার কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৮৬ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা ৮০ পয়সা। আগের ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হবে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এজন্য খরচ ধরা হয় ১৯১ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়ে ১৭৪ টাকা ৫০ পয়সা।