প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫ পিএম
প্রবা ফটো
আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার- আইপিএফ। তিন দিনব্যাপী প্লাস্টিক মেলা চলবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ বলেন, ’বিশ্বের ২১টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক এ মেলায় অংশগ্রহণ করবে। এগুলো হল—বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, ইউএসএ, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।’
সামিম আহমেদ আরও বলেন, ’শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের সভাপতি জুডি ওয়াং।’
সামিম আহমেদ প্লাস্টিক খাতের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, ’বিশ্বে প্লাস্টিক খাতে ৫৭০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের প্লাস্টিক খাতের অর্জন মাত্র শূন্য দশমিক ১ শতাংশ। আগামী দিনে বিশ্ববাজারে প্লাস্টিক খাতের ৩ শতাংশ অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।’
তিনি বলেন, ’প্লাস্টিক খাতে বর্তমানে সাড়ে ৫ হাজারেরও অধিক মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। অভ্যন্তরীণভাবে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এই খাত সরকারের কোষাগারে প্রতিবছর আনুমানিক প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকে। রপ্তানি হয় প্রায় ১.২ বিলিয়ন ডলারের পণ্য।’