প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকি কমাতে নতুন পরিকল্পনা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির আর্থিক ব্যবস্থার ঝুঁকিগুলোকে ভালোভাবে প্রতিরোধ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে দেশটি। গত শনিবার চায়না ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশন এবং পিপলস ব্যাংক অব চায়না যৌথভাবে একটি সংশোধিত খসড়া প্রকাশ করেছে।
খসরা অনুসারে, ব্যাংক খাত বৈশ্বিক মানদণ্ডের কাছাকাছি চলে আসবে। যা ব্যবসায়িক স্কেল এবং ঝুঁকির স্তরের ভিত্তিতে ঋণদাতাদের তিনটি গ্রুপে বিভক্ত করবে। পরিকল্পনা অনুসারে, ব্যাংকগুলোতে একটি পৃথক নিয়ন্ত্রণব্যবস্থা থাকবে। তুলনামূলকভাবে বড় আকারের সম্পদ বা অপেক্ষাকৃত বড় আন্তঃসীমান্ত ব্যবসার সঙ্গে ঋণদাতারা কঠোর মূলধনের প্রয়োজনীয়তার অধীনে থাকবে। নিয়ন্ত্রকদের কাছে সকল তথ্য প্রকাশ করতে হবে। এ ছাড়াও বন্ধকি ঋণের ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দিষ্ট ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।
গত বছর ঋণের চাহিদা কম থাকায় এবং ডেভেলপারদের ঋণ খেলাপির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। চীনের আবাসন খাতে ব্যবসায়িক প্রবৃদ্ধি যেখানে শীর্ষে ছিল, তা গত এক বছরে মন্থর হয়েছে।
ব্যাংকের দুজন নিয়ন্ত্রক বলেন, ’নতুন নিয়ম বাস্তবায়নের ফলে ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততার অনুপাত অপরিবর্তিত থাকবে। কমিশন এবং কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনসাধারণের মতামত চাচ্ছে।’
সূত্র : রয়টার্স