প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৭ পিএম
প্রবা ফটো
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ মার্চ থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এফবিসিসিআইয়ের আয়োজনে তিন দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বর্তমানে এফবিসিসিআইতে ৪১২টি পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে ৮৭টি চেম্বার, নারী উদ্যোক্তা-সংক্রান্ত ১৮টি চেম্বার এবং ২০টি দ্বিপক্ষীয় চেম্বার রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠনের সংখ্যাও বেড়েছে। ২০০৮ সালে আমাদের অর্থনীতি ছিল ৯ হাজার কোটি ডলারের, সেই অর্থনীতি আজ ৪৭ হাজার ডলারে এসে দাঁড়িয়েছে। দেশের অর্থনৈতিক এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে আমরা আগামী ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছি।’
বিজনেস সামিটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জসিম উদ্দিন বলেন, ‘এই সামিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য- বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে এই আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে। অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বিজনেস ফ্যাসিলিটেশনকে গুরুত্ব দিচ্ছে। সুতরাং এখনই সময় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার। এখনই সময় আমাদের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পদযাত্রা ত্বরান্বিত করার।’
আয়োজনের অনুষঙ্গের বিষয়ে জানাতে তিনি আরও বলেন, সামিটে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, বাধা এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতিনির্ধারকদের নিয়ে তিনটি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা প্রভৃতি আয়োজিত হবে। বিদেশি বিনিযোগকারীদের কাছে দেশের সম্ভাবনাময় খাতগুলোকে তুলে ধরা হবে এই প্রদর্শনীর মাধ্যমে। এই এক্সপোতে টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত খাবার, চামড়া, সিরামিক, পাট, হস্তশিল্পসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন সেক্টরের পণ্য এবং পরিষেবা প্রদর্শিত হবে। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, বাংলাদেশি পণ্য ও পরিষেবার প্রচার এবং স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য ব্যবসার সুযোগ তৈরিতে বেস্ট অব বাংলাদেশ এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক এ সম্মেলনে ১২ থেকে ১৫টি দেশের মন্ত্রীরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করবেন কয়েকটি বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলেও জানান জসীম উদ্দিন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সহসভাপতি আমিন হেলালীসহ অন্য সদস্যরা।