প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩০ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৩ পিএম
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মারা গেছেন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর ৬ মাস। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি।
শিল্পপতি রউফ চৌধুরী সি রিসোর্সেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে ছিলেন বেসরকারি ব্যাংক এশিয়ার চেয়ারম্যান। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডেরও অন্যতম পরিচালক ছিলেন তিনি। তার হাত ধরে দেশে গড়ে উঠেছে ছোট-বড় ৫০টিরও বেশি প্রতিষ্ঠান।
১৯৩৭ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা রউফ চৌধুরী যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অব বিজনেস থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭৯ সালে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন তিনি। বাংলাদেশে দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার ছিলেন। যমুনা অয়েল কোম্পানিতে জ্যেষ্ঠ পদে কাজ করেছেন ১৫ বছরেরও বেশি সময় ধরে। এর বাইরেও কর্মজীবনে অনেক দায়িত্ব পালন করেছেন এ উদ্যোক্তা।
খেলা অঙ্গনেও রউফ চৌধুরী ছিলেন বেশ পরিচিত মুখ। তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন রউফ চৌধুরী।
মৃত্যুকালে রউফ চৌধুরী এক ছেলে রোমো রউফ চৌধুরী ও দুই মেয়ে রোমানা রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরীকে রেখে গেছেন। রোমো রউফ বর্তমানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান, আর রোমানা রউফ ব্যাংকটির পরিচালক হিসেবে রয়েছেন।