× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় ঋণের ৪২ প্রকল্পে ১৩৪ কোটি ডলার ছাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিনটি লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ৪২ প্রকল্পে ভারত বাংলাদেশকে ৭৩৬ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। যার মধ্যে অর্থছাড় করেছে মাত্র ১৩৪ কোটি ডলার। এরমধ্যে প্রথম ঋণচুক্তিটি ১২ বছর আগে এবং তৃতীয়টি ৫ বছর আগে সই হয়েছিল। ছাড়কৃত ঋণ মোট প্রতিশ্রুত ডেভেলপমেন্ট-ক্রেডিট লাইনের ১৬ দশমিক ৬ শতাংশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে ভারত প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছে। উচ্চপর্যায়ের প্রজেক্ট মনিটরিং কমিটির তৃতীয় সভা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত হয়। সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন ইআরডি সচিব শরিফা খান এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। ভারত সরকারের বিশেষ সচিব প্রভাত কুমারের নেতৃত্বে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলও এ সভায় উপস্থিত ছিল।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভারতীয় পক্ষে ভারতীয় হাইকমিশন, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, এক্সিম ব্যাংক ও ভারতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইআরডি সচিব বলেন, ভারত বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। তিনটি এলওসি ঋণচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই উন্নয়ন সহায়তা আরও বেগবান হয়েছে। এলওসির আওতায় গৃহীত প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে ভবিষতে আরও জোরদার করবে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে বলেন, ‘আমাদের দুই দেশ এবং জাতির সমৃদ্ধি ও মঙ্গল আন্তঃসম্পর্কিত এবং এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের যৌথ ত্যাগের মধ্য দিয়ে জন্ম নেওয়া সুগভীর বন্ধুত্বের অন্যতম উজ্জ্বল বহিঃপ্রকাশ।’

সভায় এলওসির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমনকি করোনা মহামারির মধ্যেও এলওসির আওতায় গৃহীত প্রকল্পগুলোর বিপরীতে অর্থছাড়ের হার বাংলাদেশের অন্যান্য উন্নয়ন সহযোগীর তুলনায় অধিক ছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হওয়ায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে।

ভারতীয় এই ঋণে মূলত বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামো খাত বিশেষত রেল যোগাযোগ, সড়ক পরিবহন, নৌপরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, আইসিটি, টেলিযোগাযোগ, বেসামরিক বিমান পরিবহন, অর্থনৈতিক অঞ্চল খাতে উন্নয়ন করা হয়েছে। কিছু প্রকল্পের কাজ চলমান। তিনটি এলওসির আওতায় মোট প্রকল্প ৪২টি। সম্পন্ন হয়েছে ১৪টি প্রকল্পের কাজ। ২৭টি প্রকল্প নির্মাণসংশ্লিষ্ট।৮ প্রকল্পের নির্মাণকাজ চলমান, তিন প্রকল্পে পরামর্শক ও ৭ প্রকল্প ঠিকাদার নিয়োগ পর্যায়ে। এ ছাড়া ১০ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রক্রিয়াকরণ পর্যায়ে রয়েছে।

প্রথম এলওসির আওতায় ২০১২-১৩ সালে পদ্মা সেতু প্রকল্পে অনুদান (বাজেট সাপোর্ট) হিসেবে ১০০ কোটি ডলারের মধ্যে ২০ কোটি ডলার দেয় ভারত। ফলে ২০১২ সালের আগস্টে ৮০ কোটি ডলারের প্রথম সংশোধিত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই ঋণে ১৫ প্রকল্পের মধ্যে ১২ প্রকল্প এরই মধ্যে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। তবে তিনটি প্রকল্পের কাজ চলমান।

প্রাথমিকভাবে দ্বিতীয় ঋণচুক্তির আওতায় ১৫টি প্রকল্প চিহ্নিত করা হয়। পরবর্তী সময়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি এবং স্বাস্থ্যসেবা বিভাগের দুটি প্রকল্প বাদ দেওয়া হয়। ২০১৬ সালের মার্চ মাসে ২০০ কোটি ডলারের দ্বিতীয় এলওসির আওতায় নেওয়া হয় ১২টি প্রকল্প। এরমধ্যে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন ক্রয়সংশ্লিষ্ট দুটি প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। চারটি প্রকল্পের নির্মাণকাজ চলমান, দুটি প্রকল্পে পরামর্শক ও একটি প্রকল্পে ঠিকাদার নিয়োগ পর্যায়ে। তিনটি প্রকল্পের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রক্রিয়াকরণ পর্যায়ে রয়েছে। 

ভারতের সাবেক অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত অরুণ জেটলির সফরে তৃতীয় ধাপের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় আরও ৪৫০ কোটি ডলার ঋণচুক্তি সই হয়। তৃতীয় এলওসির অর্থ বাস্তবায়নের জন্য ১৫টি প্রকল্প বাছাই করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা