প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার তথ্য ও প্রযুক্তি খাতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৯৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৫ দশমিক ৫০ শতাংশ। এ খাতের লেনদেন হওয়া ১০ প্রতিষ্ঠানের মধ্যে দুটি ছাড়া বাকিগুলোর দর কমেছে। অর্থাৎ ৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান। এ খাতের ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয় ৮২ কোটি ৩৮ লাখ টাকা বা ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির। এই খাত দুটির দাম হারালেও লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে।
গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৮ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি ১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনের পাশাপাশি কমেছে ডিএসইর প্রধান মূল্যসূচক। ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এরমধ্যে দাম বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ১৫৪টির। আর লেনদেন না হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৬৬টি।
ডিএসইর লেনদেনে শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এ প্রতিষ্ঠানটির ৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয় ৪০ কোটি ৪৫ লাখ টাকার। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা শাইনপুকুর সিরামিক্সের ৩৬ কোটি ২৩ লাখ টাকা, সোনালি পেপারের ৩৪ কোটি ৬২ লাখ টাকা এবং জেমিনি সি ফুডের ২৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে দর বাড়ায় শীর্ষে অবস্থান করছে সোনালি ইনস্যুরেন্স লিমিটেড। এ প্রতিষ্ঠানটির শেয়ারদর ৭ দশমিক ৬১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬০ টাকা ৮০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা সোনালি পেপার মিলসের শেয়ার ৭ দশমিক ৪৬ শতাংশ বেড়ে লেনদেন হয় ৬৬১ টাকায়। এ ছাড়া সিলভা ফার্মাসিউটিক্যালসের ৪ দশমিক ৬০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪ দশমিক ৫২ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৩ দশমিক ২৭ শতাংশ দর বেড়েছে।
ডিএসইতে দরপতনের শীর্ষে আছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। এ প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ দশমিক ৫৯ শতাংশ কমে সবশেষ ৬৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। ৩ দশমিক ৩৬ শতাংশ দর কমে তালিকায় দ্বিতীয় শীর্ষস্থানে আছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এ ছাড়া শাইনপুকুর সিরামিক্সের ২ দশমিক ৯৭ শতাংশ, রিলায়েন্স ইনস্যুরেন্সের ২ দশমিক ৯০ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ২ দশমিক ৬১ শতাংশ দর হারিয়েছে।
এদিকে ডিএসইর এসএমই বোর্ডের সূচক কমেছে। ডিএসএমই-এক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩২ পয়েন্টে। লেনদেন হওয়া ১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত ছিল ১টির।
এদিকে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬০ কোটি ৩৭ লাখ টাকা। এরমধ্যে ১২টি হাওলায় আইডিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন ১৮ কোটি ৬৪ লাখ টাকা। আর সোনালি পেপারের ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে। সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির দর। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ২১ লাখ টাকা।