প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫০ পিএম
ছবি: সংগৃহীত
চীনে চলতি বছরের জানুয়ারিতে গাড়ি বিক্রি ৩৮ শতাংশ কমেছে। জ্বালানিচালিত গাড়িতে করারোপ ও বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি বন্ধ করেছে চীন সরকার। এতেই গাড়ির চাহিদা কমতে শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন।
২০২২ সালের ডিসেম্বরে এক মাসেই চীনে গাড়ি বিক্রি বেড়েছিল ২ দশমিক ৪ শতাংশ। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) জানিয়েছে, ২০২২ সালে গাড়ি বিক্রি প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি বন্ধ করায় প্লাগ ইন হাইব্রিড গাড়ি বিক্রি ৬ দশমিক ৩ শতাংশ কমেছে।
গাড়ি বিক্রি কমার বিষয়ে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে সিপিসিএর সেক্রেটারি জেনারেল কুই ডংশু বলেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে আমাদের বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এক মাসের ব্যবধানে ভয়াবহ আকারে বিক্রি কমেছে।’
তবে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে চাহিদা কমা সত্ত্বেও দেশটির কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের শেষের দিকে ইঞ্জিনচালিত গাড়ির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ থেকে সরে আসেনি। এদিকে চীনের অটোমোবাইল মার্কেট গাড়ি কেনায় গ্রাহকদের উৎসাহিত করতে স্থানীয় সরকারের বিভিন্ন প্রণোদনা বা ভর্তুকির ওপর বেশি নির্ভরশীল ছিল। তবে ভর্তুকি বন্ধ হওয়ায় গাড়ি বিক্রি নিম্নমুখী হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সূত্র : রয়টার্স