প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
এআইয়ের বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে আলিবাবা। ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা চ্যাটজিপিটির মতো প্রযুক্তি চালুর বিষয়টি জানিয়েছে। তবে চ্যাটজিপিটি চালুর ঘোষণার পরপরই আলিবাবার হংকংয়ের তালিকাভুক্ত শেয়ারের দর গতকাল বৃহস্পতিবার ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
আলিবাবা অভ্যন্তরীণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবটের পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে জায়ান্ট ই-কমার্স প্রতিষ্ঠানটি। তবে এটি কবে নাগাদ প্রকাশ্যে আসবে বা এর নাম কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আলিবাবার একজন মুখপাত্র বলেন, ২০১৭ সালে ডামো (ডিএএমও) তৈরির পর ভাষা শিক্ষার বিভিন্ন মডেল ও জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রধান লক্ষ্য ছিল। প্রযুক্তি খাতের পথপ্রদর্শক হিসেবে আমরা গ্রাহকদের পরিষেবায় উন্নত প্রযুক্তি যুক্ত করতে বিনিয়োগ অব্যাহত রাখব।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব তৈরি চ্যাটজিপিটির মতো চ্যাটবট চালুর জন্য কাজ করছে। এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অনেক বিষয়ে জানতে পারে। তাদের প্রশ্নের উত্তর পেতে পারে। প্রযুক্তিটি ভাষার একটি বিশাল মডেলের ওপর তৈরি করা হয়েছে। অনলাইন থেকে সংগৃহীত বিপুল তথ্যের প্রেক্ষিতে এটাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এ পদ্ধতিতে প্রশিক্ষণের কারণে চ্যাটবটটি ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে বলে সতর্কবার্তা দিয়ে আসছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে চলতি সপ্তাহে গুগল ও চীনের সার্চ ইঞ্জিন বাইদু তাদের নিজস্ব পরিষেবা চালুর কথা জানিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে গুগলের বার্ড নামের চ্যাটবটটি বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। সূত্র : সিএনএন