প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম
ছবি : সংগৃহীত
কোম্পানির আর্থিক প্রতিবেদন ভুলভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে প্রদান করায় চারজনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাদের বরখাস্তের চিঠি দেওয়া হয়; যা আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর। বরখাস্ত চার কর্মকর্তা হলেন—মার্কেট অপারেশন বিভাগের প্রধানের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ রনি ইসলাম, একই বিভাগের কামরুজ্জামান, হুমায়ুন কবির ও রাকিবুর রহমান।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদারের কাছে জানতে চাইলে বলেন, এটা ডিএসইর ‘ইন্টারনাল বিষয়’। এটা নিয়ে কথা বলার কিছু নেই। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অফিসের নিয়মিত কাজ।
সূত্র জানায়, ওয়েবসাইটে ভুল তথ্য দেওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছিল ডিএসই পরিচালনা পর্ষদ। কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, সেজন্য ক্ষোভ প্রকাশ করেছিল পর্ষদ। একই সঙ্গে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালককে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। পরে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তাদের বরখাস্তের নির্দেশ দেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার।
এর আগে চলতি মাসের ২ তারিখ এ ঘটনায় ডিএসইর মাকের্ট অপারেশন বিভাগের কর্মকর্তাদের ডেকে সতর্ক করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সার্ভিলেন্স বিভাগ।
উল্লেখ্য, পরপর দুই দিন ডিএসইর ওয়েবসাইটে ভুল তথ্য দেয় ডিএসইর মার্কেট অপারেশন বিভাগ; যা অনেক সময় পর সংশোধন করা হয়। এতে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ৩০ জানুয়ারি ইস্টার্ন ক্যাবল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে দেখা যায়, হিসাব বছরের প্রথম ছয় মাসে ইস্টার্ন ক্যাবলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৮ পয়সা। আগের বছর ওই সময়ে ১ টাকা ৮১ পয়সা লোকসান করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু ৩১ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে লাভের পরিবর্তে ২৮ পয়সা লোকসানের তথ্য দেওয়া হয়; যা ঘণ্টা দুয়েক পর সংশোধন করে প্রকাশ করে ডিএসই।
পরদিন আবারও একই ধরনের ভুল করে ডিএসইর মার্কেট অপারেশন বিভাগ। ১ ফেব্রুয়ারি বিচ হ্যাচারির দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করে ডিএসই। সেখানে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ২৯ পয়সার মুনাফা তথ্য প্রকাশ করা হয়। কিন্তু কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ৩১ পয়সা মুনাফা করার তথ্য দিয়েছিল। এ সংবাদটিও পরে সংশোধন করে ডিএসই।