প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) ব্যাংকঋণে সুদের হার বাড়ানো হতে পারে, এমন খবরে স্বর্ণের বাজার থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। এতেই সংযুক্ত আরব আমিরাতে কমছে স্বর্ণের দাম।
বর্তমানে আমিরাতে স্বর্ণ আউন্সপ্রতি ১ হাজার ৯১৯ ডলার ৯ সেন্টে বিক্রি হচ্ছে। দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য থেকে জানা যায়, গত সোমবার বাজার বন্ধের সময় পর্যন্ত ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ২৩৩ দশমিক ৭৫ দিরহাম। তবে মঙ্গলবার ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১ দশমিক ২৫ দিরহাম কমে ২৩২ দশমিক ৫ দিরহামে বিক্রি হয়েছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ২১৫ দশমিক ২৫ দিরহাম, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২০৮ দশমিক ২৫ দিরহাম এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৭৮ দশমিক ৫ দিরহামে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএর ফরেন এক্সচেঞ্জ করপোরেশনের একজন সিনিয়র বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বব্যাপী বন্ডের মান পড়ে যাওয়ায় স্বর্ণের দাম কমেছে। এদিকে ফেড যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তাদের সুদের হার আরও বাড়াতে হবে। এসব কারণে স্বর্ণের দাম আরও নিম্নমুখী হতে পারে। সূত্র : খালিজ টাইমস