× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনৈতিক অঞ্চলে তিন প্রতিষ্ঠানের সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ২০:৪৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের- বেজা দুইটি অর্থনৈতিক অঞ্চলে তিন কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগ করবে তিনটি প্রতিষ্ঠান। এজন্য বেজা এবং প্রতিষ্ঠান তিনটি মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট ২৪ একর জমি বরাদ্দে চুক্তি সই হয়েছে। এতে কর্মসংস্থান হবে প্রায় দুই হাজার মানুষের। 

 বুধবার রাজধানীর বেজা কার্যালয়ে এই চুক্তি সই হয়। অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ নিয়েছে সোয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, পিনাকল বাইসাইকেল এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিসটেন্স সেন্টার (বিটাক) । বেজার নির্বাহী চেয়ারম্যান  শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ বেজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রথম পর্যায়ে ১০ একর জমিতে টায়ার উৎপাদন কারখানা স্থাপন করবে সোয়ান ইন্টারন্যাশনাল।  এখানে প্রায় ১ কোটি ৩১ লাখ ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। বরাদ্দকৃত জমিতে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, ডরমিটরি, স্বাস্থ্য সেবা, প্রশিক্ষণ কেন্দ্র এবং সবুজায়ন করা হবে। সার্বিক কর্মকান্ডে এখানে এক হাজার মানুষের কর্মসংস্থান হবে। ম্যাক্সিস টায়ার, প্রেসা টায়ার, সিএসটি টায়ার এবং চেং সিন রাবার লিমিটেডের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে সোয়ান ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি সকল ধরণের যানবাহনের চাকা উৎপাদন ও বিক্রি করে ।

পিনাকল সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রতিষ্ঠানটি ৮ একর জমিতে বাইসাইকেল উৎপাদন কারখানা স্থাপন করবে। তাদের বিনিয়োগ প্রস্তাব থেকে জানা যায়, এতে প্রায় ২ কোটি ১৯ লাখ  ডলার বিনিয়োগ করা হবে । এতে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। 

 এছাড়া জামালপুর অর্থনৈতিক অঞ্চলে একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। এজন্য তাদেরকে ৬ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে । চুক্তি সই অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগর নির্মিত হচ্ছে। ফলে দেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। একইসঙ্গে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ হবে। 

দক্ষ জনশক্তি সৃষ্টিতে বিটাক কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিটাক একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে শিল্পের বিকাশে দক্ষ জনশক্তি সৃষ্টিতে ভূমিকা রাখছে।  যা বেজা’র সামগ্রিক লক্ষ্য পূরণে অনেকাংশে সহায়তা করবে। জামালপুরে বিটাকের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলে আশেপাশের জনগণের মধ্যে কর্মসংস্থানের নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর টায়ার ও বাইসাইকেল শিল্প স্থাপনের ফলে রপ্তানী বাজার আরো সমৃদ্ধ হবে। 

 সোয়ান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান বলেন, টায়ার শিল্পে তার প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করছে। বঙ্গবন্ধু শিল্প নগরে শিল্প স্থাপন তার প্রতিষ্ঠানের জন্য একটি মাইলফলক। 

বরাদ্দকৃত জমিতে শিল্প স্থাপনের কাজ দ্রুত শুরু করবেন বলে প্রত্যাশা পিনাকলের ব্যবস্থাপনা পরিচালক মো ইখতিয়ার খান। বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন,বিটাক বিভিন্ন বিষয়ে দক্ষ জনবল গঠনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে দক্ষ জনবল গঠনে সহায়ক ভূমিকা রাখবে বিটাক।  

বেজার পক্ষে চুক্তি সই করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আলী আহসান, সোয়ান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান, পিনাকলের ব্যবস্থাপনা পরিচালক মো ইখতিয়ার খান এবং বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা