প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৪:০৩ পিএম
ছবি : সংগৃহীত
বুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৫৩তম কমিশন সভায় এর অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বুরো বাংলাদেশের সাসটেইনেবল ফাইন্যান্স জিরো কুপন বন্ডটি হবে নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডেমেবল, আনসিকিউরড। আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী ব্যক্তির কাছ থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হবে।
বন্ডটি ৮ শতাংশ ডিসকাউন্ট রেটে বিক্রি করা হবে। এখান থেকে পাওয়া অর্থ পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক সুবিধায় যুক্ত নতুন ও চলমান প্রকল্পে বিনিয়োগ করা হবে। বন্ডটির প্রতিটি ইউনিট মূল্য ১০ লাখ টাকা এবং একটি লটের মূল্য হবে ৪০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকছে সেনাকল্যাণ ইনস্যুরেন্স লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বন্ডটির অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে লেনদেনের শর্ত জুড়ে দিয়েছে বিএসইসি।