চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২৩:৫১ পিএম
সপ্তাহব্যাপী ‘চাইনিজ নিউ ইয়ার’ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মাহবুব-উর রহমান। প্রবা ফটো
চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাংয়ে চলছে সপ্তাহব্যাপী ফুড ফেস্টিভ্যাল ‘চাইনিজ নিউ ইয়ার’। চাইনিজ নববর্ষ হলো ঐতিহ্যবাহী লুনিসোলার চীনা ক্যালেন্ডারে নতুন বছরের শুরুর একটি উৎসব। চীনের এই ঐতিহ্যবাহী উৎসবকে সামনে রেখে পেনিনসুলা চিটাগাং ঐতিহ্যবাহী চাইনিজ নিউ ইয়ার ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে।
রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মাহবুব-উর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও চট্টগ্রামে অবস্থানরত চীনা নাগরিকরা উপস্থিত ছিলেন।
হোটেল পেনিনসুলা সূত্রে জানা যায়, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত পেনিনসুলার লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে চলবে এ ফুড ফেস্টিভ্যাল। জনপ্রতি ৩২০০ টাকায় (অল ইনক্লুসিভ) বিশেষায়িত এ বুফে ডিনার উপভোগ করতে পারবেন অতিথিরা। এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ ফ্রি অফার।
ফুড ফেস্টিভ্যালের আকর্ষনীয় ও বৈচিত্রময় খাবারের মধ্যে থাকবে রোস্টেড ডাক অ্যান্ড ল্যাম্ব থেকে শুরু করে ভেজিটেবল ডাম্পলিংস, ট্রপিক্যাল ফ্রুট প্ল্যাটার, লাবা কনজি। এ ছাড়া, অথেনটিক চাইনিজ স্যুপের ক্লাসিক রেঞ্জ রাখা হয়েছে বুফে মেনুতে। ঐতিহ্যবাহী নানা পদের চাইনিজ খাবারসহ প্রায় ৮০ ধরনের আইটেম সাজানো থাকবে বুফে ডিনার মেনুতে।