প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ২২:৪০ পিএম
পলিস্টার সুতা ও মিলাঞ্জ সুতার পাশাপাশি লিলেন সুতাসহ অন্যান্য বিশেষায়িত সুতা (রি-সাইকেল ও ম্যান মেইড ফাইবার) উৎপাদক ও রপ্তানিকারক স্পিনিং মিলের জন্য ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) ব্যতীত শুধুমাত্র ব্যাক-টু-ব্যাক এলসির ( লেটার অব ক্রেডিট) বিপরীতে ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) ইস্যু করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
এনবিআরকে পাঠানো বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এনবিআরের ১৯ ফেব্রুয়ারি ২০০৯ সালের জারিকৃত নথিতে শুধুমাত্র ‘বিটিএমএভুক্ত মিলাঞ্জ সুতা (ভিসকল হতে উৎপাদিত) ও পলিস্টার সুতা উৎপাদনকারী বন্ড প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউডি ব্যতীত ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে সাময়িকভাবে ইউপি ইস্যু করার বিষয়টি উল্লেখ ছিল। বর্তমানে যেসব স্পিনিং মিলের বন্ড লাইসেন্স রয়েছে, যারা ফ্লাক্স ফাইবারসহ ভিন্নতর ফাইবার ব্যবহারের মাধ্যমে সুতা উৎপাদন করেছে। সেসব মিলের ক্ষেত্রে বন্ড কমিশনারেট থেকে ইউডির শর্ত থাকায় তারা ইউপি সংগ্রহে জটিলতার সম্মুখীন হচ্ছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন পণ্য ও নতুন বাজার সৃষ্টি করতে বর্তমানে সমিতিভুক্ত স্পিনিং মিলগুলো বিভিন্ন ধরনের ফাইবারের ব্যবহার, কটন, পলিস্টার, মিলাঞ্জ সুতা ছাড়াও ভিসকল, ফ্লাক্স ফাইবারসহ বিভিন্ন প্রকার রিসাইকেল ফাইবার ও ম্যান মেইড ফাইবারের সুতা তৈরি ও রপ্তানি করছে। ফ্লাক্স, রিসাইকেল ফাইবার ও ম্যান মেইড ফাইবারসহ আরও অনেক বিশেষায়িত ফাইবারের ওপর উচ্চহারে শুল্ক-করাদি থাকায় অনেক স্পিনিং মিল তাদের তৈরি সুতাকে প্রতিযোগী করতে বন্ডের মাধ্যমে আমদানি করে সুতা তৈরি ও রপ্তানি করছে।
এতে মিলগুলোকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে মিলগুলোকে ইউডি ব্যতীত ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে ইউপি ইস্যু করার ক্ষেত্রে ব্যাক-টু-ব্যাক এলসিকে একমাত্র ইনস্ট্রুমেন্ট হিসেবে গণ্য করার অনুরোধ জানিয়েছেন বিটিএমএ সভাপতি।