প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র। সংগৃহীত ছবি
২০২১-২০২২ অর্থবছরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশর (পিজিসিবি) মুনাফা প্রায় ২০০ কোটি টাকা কমেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ১২২ কোটি ৯২ লাখ টাকা। আগের অর্থবছরের করপরবর্তী মুনাফা ছিল ৩২০ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ মুনাফা কমেছে ১৯৭ কোটি টাকা।
শনিবার (২১ জানুয়ারি) কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া ।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সচিব মো.হাবিবুর রহমান। যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্টরা।
কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে কোম্পানির আলোচ্য অর্থবছরের কার্যক্রম তুলে ধরেন।
এজিএমে জানানো হয়, করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে। ফলে কোম্পানির আয় তুলনামূলক কম হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মো.হাবিবুর রহমান শেয়ারহোল্ডারদের আস্থা ও ভালোবাসায় আগামী দিনে কোম্পানিকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।