× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশেই তৈরি হচ্ছে হুন্দাইয়ের ক্রেটা গাড়ি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ২২:৩৬ পিএম

দেশেই তৈরি হচ্ছে হুন্দাইয়ের ক্রেটা গাড়ি

কোরিয়ার অটোমোবাইল জায়ান্ট হুন্দাই এবং ফেয়ার টেকনোলজির যৌথ উদ্যোগে দেশে হুন্দাইয়ের এসইউভি ব্র্যান্ড-ক্রেটা গাড়ি উৎপাদন শুরু হয়েছে। আগামী সপ্তাহেই বাজারে আসছে মেইড ইন বাংলাদেশ হুন্দাই এসইউভি ক্রেটা মডেলের গাড়ি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্দাই কারখানায় ক্রেটা মডেলের গাড়িটির উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে ফেয়ার টেকনোলজি। আর এ ক্রেটা গাড়িটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘দেশে গাড়ি শিল্পের দ্রুত বিকাশ ঘটবে। ফেয়ার টেকনোলজির হুন্দাই ফ্যাক্টরি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক সুদৃঢ় পদক্ষেপ। বাংলাদেশেই গাড়ি উৎপাদন বর্তমান সরকারের সফলতার আরেকটি ধাপ। এ ধরনের পদক্ষেপের জন্য আগামীতেও যেকোনো ধরনের সহায়তা করতে আগ্রহী আছে বর্তমান সরকার। আমাদের দেশে রয়েছে টেকসইবান্ধব শিল্প-কারখানা। তাই বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান করছি এখানে নিরাপদে বিনিয়োগ করুন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালের মধ্যে একটি পরিবার একটি গাড়ির নিশ্চয়তায় কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশেই সাশ্রয়ী মূল্যে গাড়ি তৈরির উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সহজ চলাচল নিশ্চিতে গাড়ির প্রয়োজনীয়তা রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশে শুরু হয়েছে কারখানা নির্মাণ ও গাড়ি তৈরি কাজ। যার মাধ্যমে ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা আয়ে বেশ সহায়ক ভূমিকা পালন করবে।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ফেয়ার টেকনোলজির হুন্দাই গাড়ি বাজারে অন্যান্য রিকন্ডিশন্ড গাড়ির চেয়ে তুলনামূলক কম দামে পাওয়া যাবে। অর্থাৎ রিকন্ডিশন্ড গাড়ির দামে পাওয়া যাবে হুন্দাইয়ের একটি নতুন গাড়ি।

এ সময় হুন্দাই মোটর ইন্ডিয়া (এইচএমআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উনসো কিম বলেন, মানসম্মত ও টেকসই গাড়ি তৈরি করে আসছে হুন্দাই। বাংলাদেশে সুলভ মূল্য বিশ্বমানের গাড়ি তৈরিতে একসঙ্গে কাজ করে যাবে হুন্দাই।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, বঙ্গবন্ধু হাই-টেক পার্কে দুটি শিল্প প্লটের ওপর গড়ে তোলা হয়েছে ফেয়ার টেকনোলজি হুন্দাই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে উৎপাদন করা হচ্ছে হুন্দাইয়ের বিশ্বজুড়ে জনপ্রিয় এসইউভি ব্র্যান্ড-ক্রেটা। এক হাজারের বেশি যন্ত্রাংশ এবং বি আই ডব্লিউ অবস্থায় বডি আমদানি করে নিজস্ব পেইন্ট শপে একাধিক স্তরে রং করা এবং সংযোজনের মাধ্যমে তৈরি হচ্ছে প্রতিটি ক্রেটা এসইউভি।

রুহুল আলম আল মাহবুব আরও বলেন, এক সপ্তাহের মধ্যে বাজারে উঠবে হুন্দাইয়ের ক্রেটা গাড়ি। দামের বিষয়টিও বাজারজাতকরণের সঙ্গে জানিয়ে দেওয়া হবে। হুন্দাই ফ্যাক্টরিতে এক শিফটে অর্থাৎ ৮ ঘণ্টায় বছরে তিন হাজার ক্রেটা গাড়ি উৎপাদন করা যাবে। ধারাবাহিকভাবে শিফট বাড়ানোর মধ্য দিয়ে তা ১০ হাজার ইউনিটে উৎপাদন করা সম্ভব।

অনুষ্ঠানে ফেয়ার টেকনোলজির পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসসিম দায়ান বলেন, ‘বিশ্বসেরা হুন্দাই গাড়ি উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার প্রমাণ রাখতে পেরে আমরা গর্বিত। এর মধ্যে দিয়ে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অত্যন্ত প্রতিযোগিতামূলক দামে দেশের মানুষের কাছে আমরা এই গাড়িটি পৌঁছে দেব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দীন, ফেয়ার গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশনের হাসনাইন খুরশেদসহ অন্যান্য কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা