× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপি ওয়ার্ল্ডের পূর্বাভাস

কার্গো জাহাজভাড়া কমবে ২০ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৪:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছর বিশ্বব্যাপী পণ্যবাহী জাহাজভাড়া ১৫ থেকে ২০ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছে দুবাইভিত্তিক গ্লোবাল লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানের ডেপুটি চিফ এক্সিকিউটিভ ও প্রধান আর্থিক কর্মকর্তা যুবরাজ নারায়ণ বার্তা সংস্থা রয়টার্সকে এ পূর্বাভাসের কথা জানিয়েছেন। খারাপ সময় আসছে বলেও তিনি উল্লেখ করেছেন। 

তার মতে, সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কোভিড মহামারি, ইউরোপজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ প্রক্রিয়ায় খরচ বাড়ার ফলে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে কমেছে পণ্যের চাহিদা। পণ্যের নতুন অর্ডার না আসায় সংকুচিত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। 

সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পণ্যের অর্ডার অনুযায়ী মালবাহী কার্গোগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য সরবরাহ করে। বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী ও ভোক্তা অর্থনীতির দেশ চীন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে পণ্যের চাহিদা কমায় বিনিয়োগকারীরা নতুন করে অর্ডার পাচ্ছে না। ফলে মালবাহী কার্গোর চলাচলও কমে এসেছে। 

সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে ডিপি ওয়ার্ল্ডের নারায়ণ আরও বলেন, পণ্যের চাহিদা কমার প্রাথমিক লক্ষণগুলো উল্লেখযোগ্য হারে দৃশ্যমান ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ অন্য সংস্থাগুলো চলতি বছরের ব্যবসায়িক কার্যক্রম বিগত বছরের তুলনায় কিছু কমার পূর্বাভাস দিয়েছে। ফলে মালবাহী কার্গো জাহাজগুলোর নির্দিষ্ট রুটে চলাচল ব্যাপক হারে কমেছে। পণ্যের অর্ডারও বাড়ছে না। 

নারায়ণ আরও বলেন, ‘আমরা এখনও ভয়াবহ সংকটের মধ্যে পড়িনি। তবে সামনে খারাপ সময় অপেক্ষা করছে। বিশ্ববাজারে খাদ্যশস্যের সংকট দূর করতে ইউক্রেনের খাদ্যশস্য বিকল্প পথে নিরাপদে পরিবহনের জন্য আমরা জাতিসংঘ এবং কিয়েভের সঙ্গে কথা বলেছি। কিন্তু এখনও প্রয়োজনীয় অনুমোদন পাইনি। তবে নিরাপদে পৃথিবীর বিভিন্ন প্রান্তে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যদি তারা অনুমোদন দেয়, তাহলে আমরা এটি করতে পারব।’ 

কৃষ্ণসাগর বন্দর থেকে ইউক্রেনীয় শস্য রপ্তানি এবং রাশিয়া থেকে সার ও খাদ্য রপ্তানি চালুর বিষয়টি গত বছর থেকে তীব্র কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুদ্ধের কারণেই রাশিয়ায় ডিপি ওয়ার্ল্ড তাদের বিনিয়োগ স্থগিত করতে বাধ্য হয়েছে বলে জানান নারায়ণ। 

এদিকে কোভিড মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা, ইউরোপজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ প্রক্রিয়ায় খরচ বৃদ্ধির ফলে গত বছর মালবাহী কার্গোর ভাড়া রেকর্ড পরিমাণ কমে গিয়েছিল। সে সময় কার্গোর ভাড়া সংকুচিত হয়েছিল ২০ থেকে ৫০ শতাংশ। 

বিশ্ববাজারে বিগত দিনে ইউক্রেন বছরে প্রায় ৪ কোটি ৫০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করত। এ ছাড়াও ২০১৯ সালে রাশিয়া এবং ইউক্রেন একত্রে বিশ্বব্যাপী গম রপ্তানির প্রায় এক-চতুর্থাংশ সরবরাহ করেছিল। তবে যুদ্ধের কারণে ইউক্রেনের খাদ্য সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশ্বজুড়ে খাদ্যসংকট তীব্র করে তুলেছে। অক্সফাম আমেরিকার সিইও অ্যাবি ম্যাক্সম্যান জানান, ইউক্রেন-সংকট বিশ্বে খাদ্যের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সরবরাহ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

এদিকে সরবরাহ কমায় নতুন বছরে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে চিনির দাম। অপরিশোধিত ও পরিশোধিত উভয় চিনির দামই বেড়েছে প্রায় ২ দশমিক ৫ শতাংশ। গত বছর চার ধাপে বেড়েছিল অপরিশোধিত চিনির দাম। বছর শেষে মূল্যবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। একই সঙ্গে গত বছর পরিশোধিত চিনির দাম ১৩ শতাংশ বেড়ে টনপ্রতি বিক্রি হয়েছে ৫৫০ মার্কিন ডলারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা