ঋণখেলাপিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ঋণ আদায়ের প্রক্রিয়া পেশাদার মূল্যায়ন, আইনি পদ্ধতি এবং সবার প্রতি সমান আচরণের ভিত্তিতে হওয়া উচিত; রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির ভিত্তিতে নয়।
অর্থকণ্ঠের আয়োজনে রাজধানীর একটি হোটেলে শনিবার ‘ব্যাংকিং নৈতিকতা, জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ঋণখেলাপির সমস্যা নৈতিকতা ও আর্থিক শৃঙ্খলার মধ্যকার গভীর সম্পর্ককে সামনে নিয়ে আসে। ঋণগ্রহীতাদের নৈতিক দায়িত্ব হচ্ছে চুক্তির শর্ত অনুযায়ী ঋণ পরিশোধ করা। তবে বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির কারণে কোনো কোনো ক্ষেত্রে ঋণ পুনঃতফসিলিকরণের প্রযোজন হতে পারে। একই সঙ্গে ব্যাংকগুলোর নৈতিক দায়িত্ব হচ্ছে ঋণগ্রহীতাদের যথাযথভাবে মূল্যায়ন করা এবং দায়িত্বজ্ঞানহীন ঋণ প্রদান থেকে বিরত থাকা।
বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে, যার শুরু হয়েছিল ২০১৪-১৫ সাল থেকে। বিগত দিনের নৈরাজ্য থেকে বেরিয়ে এসে সরকার অর্থনীতিকে সচল করতে সচেষ্ট। সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরতে হবে এবং কোনো সংখ্যাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা পরিহার করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী। তিনি দেশের ব্যাংকিং খাতের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে খেলাপি ঋণ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ এবং সুশাসনের ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন তিনি। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ঋণ অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পাওয়ায় ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সুশাসন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঋণ প্রদানের আগে যথাযথ মূল্যায়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ ছাড়া অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খানের সভাপতিত্বে ও এএফএম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থকণ্ঠের নির্বাহী সম্পাদক সুমাইয়া জামান, ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান প্রমুখ বক্তব্য দেন।