আন্তর্জাতিক সংগীতশিল্পী ওটিলিয়ার কনসার্টের পোশাকে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড আনজারা। দেশীয় কারুশিল্প ও সূক্ষ্ম হাতের কাজের সমন্বয়ে তৈরি বিশেষ ইন্দো-ওয়েস্টার্ন পোশাকটি পরে মঞ্চে পারফর্ম করেছেন তিনি। পোশাকটির নকশা ও কারুকাজে মুগ্ধতা প্রকাশ করে ওটিলিয়া জানিয়েছেন, এমন যত্ন নিয়ে তৈরি বিশেষ পোশাক পাওয়ার অভিজ্ঞতা তাঁর জন্য একেবারেই নতুন।
বাংলাদেশ সফরের আগেই ওটিলিয়ার সঙ্গে যোগাযোগ করে আনজারা। ব্র্যান্ডটির পক্ষ থেকে হাতে করা কাজ ও কারচুপির নকশায় তৈরি বিশেষ পোশাক পরে কনসার্টে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। পোশাকের ধারণাটি পছন্দ হওয়ায় সম্মতি জানান ওটিলিয়া। এরপর তাঁর কনসার্টের কথা মাথায় রেখে শুরু হয় পোশাক তৈরির কাজ।
পোশাকটির প্রতিটি অংশে হাতের কাজ ও কারচুপির নকশা ফুটিয়ে তুলতে আনজারার কারিগরদের সময় লেগেছে প্রায় এক মাস। পুরো পোশাকটিই তৈরি হয়েছে হাতে। এতে ব্যবহার করা হয়েছে ঝুলন্ত বিটস, কাটদানা, ডপকা ও জরি সুতা। মূল পোশাকে রয়েছে প্রিমিয়াম নেট কাপড়, আর হাতার অংশে ব্যবহার করা হয়েছে মসলিন।
কালো রঙের পোশাকটিতে সাদা ও রুপালি ফুলের কারচুপি বিশেষভাবে নজর কাড়ে। কোমরের নিচে ঝুলন্ত বিটসের কাজও এতে যোগ করেছে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বিভিন্ন উপকরণের সূক্ষ্ম ব্যবহারে পোশাকটিতে ফুটে উঠেছে নান্দনিক হাতের কাজ।
পোশাকটি পেয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন ওটিলিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, জীবনে প্রথমবার কোনো ব্র্যান্ড তাঁর জন্য এত যত্ন নিয়ে কনসার্টের উপযোগী বিশেষ পোশাক তৈরি করেছে। পোশাকটি পরে নিজেকে বিশেষ মনে হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশে আনজারা মূলত ব্রাইডাল পোশাকের ব্র্যান্ড হিসেবে পরিচিত। তবে ঐতিহ্যবাহী, ইন্দো-ওয়েস্টার্ন ও ক্যাজুয়াল পোশাকও তৈরি করে প্রতিষ্ঠানটি। দেশীয় কারুশিল্পের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধনে তৈরি ওটিলিয়ার এই পোশাক আন্তর্জাতিক মঞ্চে আনজারার কাজের বৈচিত্র্য তুলে ধরেছে।