× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রয়টার্স এক্সক্লুসিভ

অস্থিরতায় পোশাকের বিদেশি ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় একটি কুকুর দৌড়ে পালাচ্ছে। গাজীপুর, বাংলাদেশ, ২৬ নভেম্বর, ২০২৬। ছবি: রয়টার্স/মোহাম্মদ পনির হোসেন/ফাইল ছবি

মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় একটি কুকুর দৌড়ে পালাচ্ছে। গাজীপুর, বাংলাদেশ, ২৬ নভেম্বর, ২০২৬। ছবি: রয়টার্স/মোহাম্মদ পনির হোসেন/ফাইল ছবি

শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমাগত খরচ বেড়ে প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাওয়ায় জারা ও এইচঅ্যান্ডএম-এর মতো বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় দশভাগের একভাগ এশিয়ার অন্যান্য উৎপাদন কেন্দ্রে সরিয়ে নিয়েছে। তিনজন কারখানা মালিক এ তথ্য জানিয়েছেন।

কারখানা মালিকরা জানান, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ (২৫৪ মিলিয়ন) মার্কিন ডলারের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করেছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। এই স্থানান্তর বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভের জন্য একটি বড় ধাক্কা এবং এটি বর্তমান অস্থিরতা ছাড়িয়ে দীর্ঘমেয়াদেও স্থায়ী হতে পারে।

শিল্পের শীর্ষ নেতারা জানিয়েছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সস্তা উৎপাদন খরচের যে সুবিধা নিয়ে বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়েছিল, তা দুর্বল হয়ে পড়েছে। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো বিভিন্ন উৎস থেকে পণ্য সংগ্রহের দিকে ঝুঁকছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, এই বিক্ষোভ ও অস্থিরতার কারণে শিল্পে ৪০ কোটি ডলারের বেশি মূল্যের উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, এই খাত থেকেই বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এবং দেশের শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশই এই খাতে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্রয়াদেশ স্থানান্তরের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কমাতে এবং যথাসময়ে পণ্য পাওয়ার নিশ্চয়তা বাড়াতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও নজর দিচ্ছেন।

গত বুধবার এই চাপ আরও তীব্র হয়, যখন সরকার পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়; যদিও এটি ছিল গত চার দশকের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধি।

শ্রমিকদের মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবির তুলনায় এই বৃদ্ধি ছিল অনেক কম। ফলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন।

শিল্প নেতারা বলছেন, এই মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের সস্তা শ্রমব্যয়ের সুবিধা সংকুচিত হবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষতির আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা বলেন, এই অস্থিরতার কারণেই জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস), সেলিওসহ অন্যান্য বৈশ্বিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে এবং এর বড় অংশটি পেয়েছে ভারত।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম এবং সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, অতিরিক্ত মজুরি, গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের দাম পোশাক প্রস্তুতকারকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তিনি বলেন, “এমন এক সময়ে এই মজুরি বৃদ্ধি খরচ বাড়িয়ে দিল, যখন ক্রেতারা দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে।”

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হলে তা বৈশ্বিক গ্রাহকদের ধরে রাখতে এবং আর্থিক ক্ষতি কমাতে সহায়তা করে।

ঝুঁকির মুখে ভবিষ্যৎ ব্যবসা

কারখানা মালিকদের মতে, সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো—যেসব ক্রয়াদেশ ইতিমধ্যে হাতছাড়া হয়েছে, তার ধারাবাহিকতায় ভবিষ্যৎ ব্যবসাও হারাতে হতে পারে; কারণ ক্রেতারা এখন পণ্য সংগ্রহের উৎস নতুন করে বিবেচনা করছেন।

মধ্যপ্রাচ্য সংকটের কারণে তীব্র হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি ঘাটতি উৎপাদন বিঘ্নিত করছে এবং কিছু কারখানাকে ব্যয়বহুল বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভর করতে বাধ্য করছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে পণ্য সরবরাহের সময়সীমাকে (ডেলিভারি টাইম) বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন, “ব্র্যান্ডগুলো যখন কঠোরভাবে সময়সীমা মেনে পণ্য সরবরাহের চাপে থাকে, তখন পণ্যের দাম বিষয়টি গৌণ হয়ে যায়।”

তিনি জানান, পণ্য সরবরাহের ক্ষেত্রে ভারত ক্রেতাদের প্রায় এক সপ্তাহ এগিয়ে থাকার সুবিধা দিতে পারে, আর ভিয়েতনাম ও কম্বোডিয়া সময়সীমা কমিয়ে আনতে পারে ১৫ দিন পর্যন্ত।

প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও পণ্য সরবরাহ শেষ করতে পারে, যেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন—উল্লেখ করেন তিনি।

এই অচলাবস্থার কারণে উৎপাদনে বড় ধরনের জট তৈরি হয়েছে। ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন নষ্ট হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কিছু কারখানা বাড়তি সময় কাজ (ওভারটাইম) এবং ব্যয়বহুল উড়োজাহাজে পণ্য পরিবহনের কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে মূলত পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, এই অস্থিরতা ইতিমধ্যে নতুন ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আলম বলেন, “অস্থিরতার কারণে ১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা ক্রয়াদেশ দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা আমাদের বলছেন যে তাদের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে এবং তারা ইতিমধ্যে বিকল্প সমাধান খুঁজে নিয়েছেন।”

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা চলছে, তা অচলাবস্থার উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

শিল্পের নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে দিয়ে বলেন, অস্থিরতার সময়ে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সেগুলো আর ফেরত নাও আসতে পারে।

তিনি বলেন, “মূল চ্যালেঞ্জ হলো সাময়িক এই স্থানান্তর দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ নেওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা। ব্র্যান্ডগুলোর সামনে বিকল্প সুযোগ রয়েছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য বসে থাকবে না।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা