বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা-এক জেলা এক পণ্য ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। একই আয়োজনে প্রদান করা হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার-২০২৬’।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ।
‘দেশ থেকে বিশ্বে’ (Local to Global) স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে এ মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা জানান, মেলায় দেশের ৬৪ জেলার পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য সমসংখ্যক স্টল থাকবে। পাশাপাশি থাকবে জিআই পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি প্রদর্শনের ব্যবস্থা। তিন দিনব্যাপী এ মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছে বিসিক।
এ ছাড়া দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ ও বিকাশে অবদান রাখা কারুশিল্পীদের স্বীকৃতি দিতে পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার-২০২৬’ দেওয়া হবে। কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে জনসাধারণের কাছে পৌঁছে দিতে shilpomela.bscic.gov.bd নামে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান।
আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সংযোগ সৃষ্টি এবং বিশ্ববাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্যের পরিচিতি বাড়বে।