গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সরকারি আমদানির ঋণপত্রের (এলসি) অর্থ পরিশোধের আগেই ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। এসব লেনদেনের তথ্য আগাম কারও হাতে পৌঁছে যাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি পর্যালোচনায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারি আমদানির অর্থ পরিশোধের সময়সূচি চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার সরকারি আমদানির সঙ্গে যুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে সাম্প্রতিক সময়ে ডলারের বিনিময় হারে অস্বাভাবিক ওঠানামার কারণ জানতে চাওয়া হয়। বিশেষ করে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার আমদানির অর্থ পরিশোধের সময় কেন ডলারের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, তা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সরকারি আমদানির অর্থ পরিশোধের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পরিস্থিতির ব্যাখ্যা জানতে চান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বৈঠকসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, সরকারি আমদানির অর্থ পরিশোধের সময় প্রবাস আয় সংগ্রহের বিনিময় হার এবং বিল ফর কালেকশন (বিসি) ডলারের দর হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। অথচ এসব অর্থ পরিশোধের কারণে বাজারে ডলারের চাহিদা তৈরি হওয়ার আগেই দর বাড়তে দেখা যাচ্ছে।
এতে সরকারি আমদানির ঋণপত্রের দায় পরিশোধের তথ্য আগাম মুদ্রা সংগ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তাদের ধারণা, অর্থ পরিশোধের সময় ও সম্ভাব্য ডলারের চাহিদা সম্পর্কে আগে থেকে জানা থাকলে সংশ্লিষ্ট পক্ষগুলো বাজারের পরিস্থিতি অনুমান করে ডলারের দর বাড়ানোর সুযোগ নিতে পারে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি আমদানির অর্থ পরিশোধের সময় প্রবাস আয় ও বিসি ডলারের বিনিময় হার হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। এ ধরনের আগাম তথ্য বাজারে ডলারের চাহিদা সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। ফলে বিনিময় হারে অস্বাভাবিক পরিবর্তনের আশঙ্কা বাড়ে।
বৈদেশিক মুদ্রার বাজারে এ ধরনের ওঠানামা নিয়ন্ত্রণে আনতে ব্যাংকগুলোর কাছ থেকে অর্থ পরিশোধের আগাম সূচি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সরকারি আমদানির অর্থ পরিশোধের সময়সূচি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।
একটি বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান জানান, সরকারি আমদানির অর্থ পরিশোধের কারণে কখন বাজারে বাড়তি ডলারের চাহিদা তৈরি হতে পারে, তা আগে থেকে বুঝতে চায় কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
বিশেষ করে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার আমদানির মতো বড় অঙ্কের সরকারি লেনদেন বৈদেশিক মুদ্রার বাজারে চাহিদার ওপর প্রভাব ফেলে। এসব লেনদেনের সময়সূচি সম্পর্কে আগাম ধারণা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হতে পারে।
এদিকে ডলারের বাজারে হঠাৎ দরবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাজারে মার্কিন ডলার বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ পর্যন্ত বাজারে প্রায় ৮০ কোটি ডলার বিক্রি করা হয়েছে।
তবে বাজারে ডলারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি লেনদেনের তথ্য কীভাবে ছড়িয়ে পড়ছে, সেটিও এখন নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে। সরকারি আমদানির অর্থ পরিশোধের সময়সূচি আগাম জানার সুযোগ কারা পাচ্ছে এবং সেই তথ্য বিনিময় হারের ওপর কীভাবে প্রভাব ফেলছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তিন মাসে বেড়েছে ২ টাকা
চলতি বছরের জুলাইয়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৮৮ পয়সায় উঠলেও আগস্ট ও সেপ্টেম্বরে কিছুটা কমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট শেষে প্রতি ডলারের দর ছিল ১২৩ টাকা ২১ পয়সা এবং সেপ্টেম্বরে ১২৩ টাকা ১১ পয়সা। তবে অক্টোবর থেকে আবার বাড়তে শুরু করে। ওই মাসের শেষে দর দাঁড়ায় ১২৪ টাকা ২২ পয়সায়। নভেম্বরের প্রথম সপ্তাহে ডলারের দর আরও বেড়ে যায়। ১০ নভেম্বর ব্যাংকগুলো প্রবাস আয়ের ডলার কিনেছে ১২৫ টাকা ১০ থেকে ১৫ পয়সায়। আগস্টের মাঝামাঝি ১২২ টাকা ৭০ পয়সা থেকে নভেম্বরের প্রথমার্ধে দর বেড়ে ১২৫ টাকা ছাড়ায়।
ব্যাংকারদের মতে, সরকারি জ্বালানি আমদানির অর্থ পরিশোধ, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং আমদানি দায় মেটাতে ডলারের বাড়তি চাহিদা এ চাপের প্রধান কারণ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পণ্য আমদানির ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৪৮৬ কোটি ডলারের। একই সময়ে রপ্তানি আয় ছিল ১ হাজার ৭০৪ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৭৮২ কোটি ডলার। ২৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে ২৪ নভেম্বরের বিকাল ৫টার রেফারেন্স দর ছিল ১২৪ টাকা ৭৮ পয়সা।