× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক খাত রাহুগ্রস্ত

আহমেদ তোফায়েল

প্রকাশ : ২৭ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ব্যাংকের বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই এখন খেলাপি। খেলাপি ঋণের পাহাড় ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। প্রভিশন ঘাটতি ২ লাখ ১৮ হাজার কোটি টাকার বেশি। মূলধন ঘাটতিতে রয়েছে ২২টি ব্যাংক। কোনো ব্যাংক সরকারের কাছ থেকে ঋণ চাইছে, কোনো ব্যাংককে টিকিয়ে রাখতে দেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকার তারল্য সহায়তা। একের পর এক ব্যাংকের আর্থিক দুর্বলতা, ঋণ

আদায়ে ব্যর্থতা ও সুশাসনের ঘাটতিতে দেশের ব্যাংক খাত এখন গভীর সংকটে। রাহুগ্রস্ত ব্যাংক খাত নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “দেশের ব্যাংক খাতের পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি; বরং সংকট আরও গভীর হয়েছে। খেলাপি ঋণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি কয়েকটি বড় ব্যাংকের আর্থিক সংকট ও ব্যাংকগুলোর পক্ষ থেকে সরকারের কাছে বড় অঙ্কের আর্থিক সহায়তা চাওয়ার ঘটনা খাতটির নাজুক অবস্থার প্রতিফলন”।

তিনি বলেন, “শুধু আগের নীতির ধারাবাহিকতা বজায় রেখে ব্যাংক খাতের সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এজন্য কার্যকর সংস্কার ও নীতিগত পরিবর্তন প্রয়োজন। যে পথে হেঁটে কোনো ফল পাওয়া যায়নি, সেই পথেই চলতে থাকলে নতুন ফল আসবে- এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ভুল কৌশল বা ওষুধ প্রয়োগ অব্যাহত রেখে ভিন্ন ফল আশা করার যৌক্তিকতা নেই”।

খেলাপি ঋণে নজিরবিহীন চাপ

বাংলাদেশের ব্যাংক খাতের আর্থিক অবস্থার সবচেয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া যাচ্ছে খেলাপি ঋণের হিসাবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর পরিসংখ্যান অনুযায়ী, ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। জুনে যা ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ হিসেবে দেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকা আদায় অনিশ্চিত।

খেলাপি ঋণ বাড়লেও চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুন শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৭ কোটি ৫২ লাখ টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকায়। অর্থাৎ তিন মাসে ঘাটতি কমেছে প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা। তবে ঘাটতি কমলেও এর পরিমাণ এখনও ২ লাখ ১৮ হাজার কোটি টাকার বেশি।

প্রভিশন হলো ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকের সংরক্ষিত অর্থ। সাধারণ ঋণের বিপরীতে ব্যাংককে ১ শতাংশ প্রভিশন রাখতে হয়। তবে ঋণ খেলাপি হওয়ার পর তার শ্রেণিমান অনুযায়ী ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রভিশন সংরক্ষণের নিয়ম রয়েছে। ঋণ আদায় না হলে সম্ভাব্য ক্ষতি সামাল দিতে ব্যাংকের আয় থেকে এই অর্থ আলাদা করে রাখা হয়। ফলে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারলে ব্যাংকের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি হয়।

গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। ওই সময় খেলাপি ঋণের পরিমাণও রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছিল, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩।

এ সংকটের আরেকটি আরেকটি দিক হলো মূলধন ঘাটতি। ২০২৬ সালের মার্চের তথ্যের ভিত্তিতে ২১টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। উদ্বৃত্ত মূলধন থাকা ব্যাংকগুলোর লোর অতিরিক্ত মূলধন সমন্বয়ের পর ৬১টি ব্যাংকের সামগ্রিক নিট মূলধন ঘাটতি দাঁড়ায় ২ লাখ ৩৯ হাজার কোটি টাকা। পরবর্তী জুন ২০২৬-এর তথ্যের ভিত্তিতে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা বেড়ে ২২টিতে দাড়ায়। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনেও সংকটের গভীরতা উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত বা সিআরএআর নেমে আসে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। ব্যাংক খাতের সম্মিলিত মূলধন সক্ষমতার এমন অবস্থা আর্থিক স্থিতিশীলতা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ।

সরকারের কাছে ঋণ চেয়েছে ইসলামী ব্যাংক

ব্যাংক খাতের সংকটের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। একসময়ের দেশসেরা ব্যাংকটি এখন পাঁচ বছরে সরকারের কাছ থেকে ৭৫ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ষষ্ঠ বছর থেকে মূল অর্থের সঙ্গে মুনাফা পরিশোধ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে ব্যাংকটি। চাপে সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখনও বড় আর্থিক সংকটের মধ্যে রয়েছে। একীভূত হওয়ার পর আমানত ফেরত দেওয়া শুরু হলেও আগের ব্যাংকগুলোর বিপুল খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও তারল্য সংকট নতুন ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতিও দেড় লাখ কোটি টাকার বেশি ছিল।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকটিকে ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেয়। ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৯০ হাজার ৯৮ জন আমানতকারী ৩ হাজার ২৪৫ কোটি টাকা তুলে নেন। একই সময়ে নতুন আমানত জমা পড়ে ২ হাজার ৭০০ কোটি টাকা।

আলোচনায় সিটি ব্যাংক ব্যাংক খাতে সিটি ব্যাংক যথেষ্ট শক্তিশালী ব্যাংক। এটি ইতোমধ্যে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি পরিচালনা করছেন। একটি মহল এখন ব্যাংকটির বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে। ব্যাংকের এমডির বিরুদ্ধে বন্ধকি সম্পত্তি নিলামে অনিয়মের মাধ্যমে ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রচার করা হচ্ছে।

সিটি ব্যাংক ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবাদ ও ব্যাখ্যায় বলেছে, সংশ্লিষ্ট গ্রাহক ২০১৬ সাল থেকে মোট ৫৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণসুবিধা নিয়েছিলেন। ২০২২ সালে ঋণ অনিয়মিত হওয়ার পর পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও ২০২৪ সালে আবার খেলাপি হন। ব্যাংকের দাবি, বন্ধকি সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং দ্রুত বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা। পরে নিলামে সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়। ব্যাংকের ভাষ্য, এটি আইনানুগ ঋণ আদায়ের প্রক্রিয়া, অর্থ আত্মসাৎ নয়।

সংকটের পেছনে সুশাসনের ঘাটতি ব্যাংক খাতের সংকটের কারণ শুধু ঋণ আদায় না হওয়া নয়। ঋণ অনুমোদনে অনিয়ম, প্রভাবশালী গ্রাহককে অতিরিক্ত ঋণ, একই গোষ্ঠীর কাছে ঋণ কেন্দ্রীভূত, দুর্বল পরিচালনা পর্ষদ ও নিয়ন্ত্রক সংস্থার তদারকির ঘাটতিও সংকটকে দীর্ঘায়িত করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনে ব্যাংক খাতের সংকটের পেছনে দুর্বল মালিকানা কাঠামো, সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়া ও দুর্বল তদারকিকে দায়ী করা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের হার ৩৪ শতাংশে পৌঁছেছিল।

ব্যাংক খাতের সংকটের কারণ হিসেবে বিশ্ব পরিস্থিতি সামনে আনার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন ড. জাহিদ হোসেন। তিনি বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব থাকলেও দেশের অভ্যন্তরীণ নীতিগত দুর্বলতা ও প্রয়োজনীয় সংস্কারের অভাব উপেক্ষা করার সুযোগ নেই। শুধু বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করে ব্যাংক খাতের উন্নতি সম্ভব নয়”।

অর্থনীতিবিদরা কী বলছেন

সাবেক পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) বার্ষিক ব্যাংকিং সম্মেলনে বলেছেন, ব্যাংক খাতে অতিরিক্ত শিথিল নিয়মকানুন অনিয়ম ও অর্থ লুটপাটের সুযোগ তৈরি করেছে। তার মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে সংস্কার কার্যকর হবে না। শুধু আইন ও বিধিমালা দিয়ে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়; সংশ্লিষ্টদের নৈতিকতারও প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “রাজনৈতিক চাপ ও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে ব্যাংকিং সংস্কার আটকে আছে। সংস্কারের রূপরেখা তৈরি হলেও তা বাস্তবায়নে অগ্রগতি সীমিত। তার মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়ন্ত্রণব্যবস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া ব্যাংক খাতের পুনরুদ্ধার সম্ভব নয়”।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। তার মতে, ঋণ বিতরণে শৃঙ্খলা, স্বাধীন পরিচালকদের কার্যকর ভূমিকা, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং দ্রুত ঋণ আদায় ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সময়সীমা-ভিত্তিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা