চট্টগ্রাম বন্দরের রাজস্ব আদায় ও আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে নতুন ডিজিটাল সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট কার্যক্রম অটোমেশনের আওতায় আসবে।
‘স্মার্টার ট্র্যানজেকশনস, স্ট্রংগার ট্রেড’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এ সময় ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ-সংক্রান্ত চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট এবং বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ট্রাস্ট ব্যাংকের নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের যাবতীয় আর্থিক লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ সেবা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনার পাশাপাশি দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।