বাংলাদেশের জাতীয় সার্কুলার টেক্সটাইল স্ট্র্যাটেজি বা বৃত্তাকার বস্ত্রশিল্প কৌশলপত্রের খসড়া পর্যালোচনা এবং অংশীজনদের মতামত নিতে ঢাকায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের জাতীয় সার্কুলার টেক্সটাইল স্ট্র্যাটেজি বা বৃত্তাকার বস্ত্রশিল্প কৌশলপত্রের খসড়া পর্যালোচনা এবং অংশীজনদের মতামত নিতে ঢাকায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুইচ টু সার্কুলার ইকোনমি ভ্যালু চেইনস’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে সম্প্রতি এ সভার আয়োজন করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সভায় সরকারি প্রতিনিধি, শিল্প সংগঠন, ব্র্যান্ড, উৎপাদক, উন্নয়ন সহযোগী ও কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন। গত এপ্রিলে প্রথম অংশীজন সভার মাধ্যমে শুরু হওয়া প্রক্রিয়ার ধারাবাহিকতায় খসড়া কৌশলপত্র পরিমার্জন ও চূড়ান্ত অনুমোদনের অগ্রাধিকার নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্থানীয় অংশীদারদের সহযোগিতায় সুইচটুসিই প্রকল্পের বৈশ্বিক নীতি অংশীদার চ্যাথাম হাউস কৌশলপত্রটি প্রণয়নে কাজ করছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা ধরে রাখতে সার্কুলার টেক্সটাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উৎপাদন ব্যবস্থার টেকসই উন্নয়নেও এ কৌশলপত্র সহায়ক হবে।
উদ্বোধনী বক্তব্যে ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসেন বলেন, প্রচলিত রৈখিক ব্যবসায়িক মডেল থেকে বৃত্তাকার মডেলে রূপান্তর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন ও টেকসই সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে। এ কৌশলপত্র শিল্প ও আর্থিক খাতকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বৈশ্বিক ও পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাতটির খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনের অ্যাটাশে ও প্রোগ্রাম ম্যানেজার (ক্লাইমেট চেঞ্জ-গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) হুবার্ট ব্লম বলেন, ইইউ তাদের অর্থনীতিকে বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’-এর মতো নতুন শর্ত পূরণ করতে হবে। এ রূপান্তরে কৌশলপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় খসড়া কৌশলপত্র উপস্থাপন করেন চ্যাথাম হাউসের সিনিয়র রিসার্চ ফেলো ড. প্যাট্রিক শ্রোডার এবং সুইচটুসিইর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর কে এম আসাদুন নূর। ড. শ্রোডার বলেন, ইইউর ‘ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন’-এর আওতায় সরবরাহব্যবস্থার স্বচ্ছতা ও পণ্যের ডিজিটাল পাসপোর্ট বাংলাদেশ ও ইইউর মধ্যে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে। এর মাধ্যমে উৎপাদক ও ক্রেতারা নতুন শর্ত পূরণের জন্য প্রস্তুতি নিতে পারবেন।
সভায় বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ প্রযুক্তিগত বিনিয়োগ, সম্পদের দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের জন্য সমন্বিত জাতীয় কৌশলপত্র প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনায় বস্ত্রশিল্পের পুরো সরবরাহব্যবস্থায় সমন্বিত উদ্যোগ, সহায়ক নীতিমালা এবং বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। উপসচিব আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুপারিশ অন্তর্ভুক্তি এবং কৌশলপত্রের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নিয়ে আলোচনা হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্ম সচিব ও সুইচটুসিই প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর মুহাম্মদ বদরুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভা শেষ হয়।