× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ল কৃষিঋণের পরিধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

বাড়ল কৃষিঋণের পরিধি

কৃষিঋণের আওতা বাড়িয়ে কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণেও ঋণ দেওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সৌরবিদ্যুৎ ব্যবহারে অর্থায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষিযন্ত্র কেনার মোট দামের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। প্রয়োজনে ঋণ পরিশোধে সর্বোচ্চ ১২ মাস ছাড়ও দেওয়া যাবে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নতুন নীতিমালায় ব্যাংকগুলোর মোট কৃষিঋণের ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা ও সেবা খাতে ব্যয় করা যাবে।

এবার কৃষিঋণের আওতা শুধু উৎপাদনে সীমাবদ্ধ রাখা হয়নি। কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ ঋণ পাবেন। ফলে কৃষিপণ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়নের সুযোগ তৈরি হবে।

প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষিঋণ পাবেন না।

কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে কম্বাইন হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার জন্য ঋণ দেওয়া যাবে। নীতিমালায় কম্বাইন হারভেস্টারের আনুমানিক দাম ২০ থেকে ২৫ লাখ টাকা এবং ট্রাক্টরের দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা ধরা হয়েছে। ছোট যন্ত্রের ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে নিতে পারবে ব্যাংক। ঋণের মেয়াদ নির্ধারণে যন্ত্রের আয়ুষ্কাল ও মৌসুমি আয় বিবেচনা করতে হবে।

নতুন নীতিমালায় নির্ভুল কৃষিপদ্ধতি বা প্রিসিশন ফার্মিংয়েও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। জমির প্রয়োজন অনুযায়ী বীজ, সার ও পানি ব্যবহারে ড্রোন, সেন্সর, স্যাটেলাইট, জিআইএস ও এআই প্রযুক্তি ব্যবহারে ঋণ দেওয়া যাবে। পাশাপাশি বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসল, পানিসাশ্রয়ী সেচ, ভাসমান কৃষি এবং বৃষ্টির পানি সংরক্ষণেও অর্থায়ন করা হবে।

সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প, সৌর প্যানেল ও বায়োগ্যাস উৎপাদনের ঋণও কৃষিঋণ হিসেবে গণ্য হবে। গোবর সার, কেঁচো কম্পোস্ট ও পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনেও ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে।

কৃষিঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকৃত কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করতে হবে। প্রয়োজনে হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে ঋণ বিতরণ করতে পারবেন। ব্যাংকগুলোকে মাসিক ভিত্তিতে ঋণের তথ্য পাঠাতে হবে। এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক-পরবর্তী অর্থবছরের জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা