তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচার ও বাস্তবায়নে মুন্সীগঞ্জে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচার ও বাস্তবায়নে মুন্সীগঞ্জে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। এ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।
মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা দেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ তৈরি করা। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান পাবেন। ব্যাংকঋণের অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য।
অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায় উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো হলো—আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। এ ছাড়া গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে ব্যাংকটি।
লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় করবে। পাশাপাশি আবেদনগুলো একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিত করতে সহায়তা করবে। আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণের ব্যবস্থা করবে। অর্থায়নের পর ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার এবং ঋণ পরিশোধের বিষয়টিও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ বিশেষ ঋণ সুবিধা চালুর ফলে কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে আশা করছে ব্যাংকটি।
তরুণ উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।