× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবায়নযোগ্য জ্বালানিতে এডিবির বড় উদ্যোগ

আহমেদ তোফায়েল

প্রকাশ : ১৭ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে ১ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ কর্মসূচির আওতায় পাঁচটি নতুন সৌরবিদ্যুৎ ও ব্যাটারি শক্তি সংরক্ষণ প্রকল্পে লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দেবে সংস্থাটি। এসব প্রকল্পের মাধ্যমে ১ বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এডিবির সম্প্রসারিত এ উদ্যোগের উদ্দেশ্য শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, বরং দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের পরিবেশ তৈরি করা। একই সঙ্গে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করাও কর্মসূচির লক্ষ্য।

এডিবি জানায়, আগে ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে পরামর্শক সহায়তা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি সম্প্রসারণ করে তিন ধাপের কর্মসূচিতে রূপ দেওয়া হচ্ছে। এতে মোট ছয়টি প্রকল্প অন্তর্ভুক্ত হবে। নতুন পাঁচটি প্রকল্প যুক্ত হওয়ায় পরিকল্পিত উৎপাদন সক্ষমতা ১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।

এ কর্মসূচির আওতায় পরামর্শক সেবা দিতে মঙ্গলবার ঢাকায় একটি সমঝোতা স্মারক সই করেছে এডিবি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে। তার মতে, বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে পরিকল্পিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করার মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও দক্ষতা সংগ্রহে সহায়তা করতে চায় এডিবি।

প্রথম ধাপে সোনাগাজী প্রকল্প

এডিবির কর্মসূচির প্রথম ধাপে রয়েছে ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প। এর সঙ্গে যুক্ত থাকবে ২৬ মেগাওয়াট-ঘণ্টা সক্ষমতার ব্যাটারি শক্তি সংরক্ষণ ব্যবস্থা। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পকে পরবর্তী পাঁচটি প্রকল্পের জন্য একটি কাঠামো তৈরির ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথম প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ধাপগুলোর প্রকল্প কাঠামো, দরপত্র ও বিনিয়োগ প্রক্রিয়া সাজানো হবে।

সরকারি জমিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

সম্প্রসারিত কর্মসূচির আওতায় নতুন পাঁচটি প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমি ব্যবহারের উপযোগিতা যাচাইয়ে বিডা ও বিপিডিবিকে সহায়তা করবে এডিবি। এসব জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনা মূল্যায়ন করা হবে।

প্রকল্পগুলোর প্রস্তুতি ও দরপত্র প্রক্রিয়া এমনভাবে সাজানোর লক্ষ্য রয়েছে, যাতে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগকারীরা অংশ নেওয়ার সুযোগ পান। এ ক্ষেত্রে এডিবির পরামর্শক সহায়তা প্রকল্পের কাঠামো তৈরি, বিনিয়োগের শর্ত নির্ধারণ এবং প্রতিযোগিতামূলক দরপত্র আয়োজনের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। ২০৪০ সালের মধ্যে এ হার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা