সাজিদ মাহবুব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এশিয়া মার্কেটিং ফেডারেশনের (সাজিদ মাহবুব।) সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব।
সিঙ্গাপুরের ওয়ান ফেরার হোটেলে অনুষ্ঠিত ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় তিনি নির্বাচিত হন। এতে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় মার্কেটিং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
একই সভায় রজার ওয়াং ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ড. ড্যান ভিসিতচাইচান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃত্ব এশিয়ার সদস্য দেশগুলোতে মার্কেটিংয়ের উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা ও নতুন ধারণার বিকাশে কাজ করবে।
সাজিদ মাহবুব বর্তমানে এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে থেকে তিনি ফেডারেশনের ১৭টি সদস্য দেশের মধ্যে ডিজিটাল যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ জোরদারে ভূমিকা রেখেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাজিদ মাহবুব বলেন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের সদস্য সংগঠনগুলো তার ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি সম্মানিত বোধ করছেন। এশিয়ার বাজার, মেধা ও ভাবনাকে একসূত্রে যুক্ত করতে এএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট রজার ওয়াং ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ভিসিতচাইচানের সঙ্গে মিলে আরও সংযুক্ত, ডিজিটাল ও উদ্দেশ্যনির্ভর একটি ফেডারেশন গড়ে তুলতে কাজ করতে চান তিনি। এ স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের মার্কেটিং অঙ্গনেরও অর্জন বলে উল্লেখ করেন তিনি।
মার্কেটিং ও ব্র্যান্ড রূপান্তর বিশেষজ্ঞ সাজিদ মাহবুবের সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতে প্রায় দুই দশকের কৌশলগত নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদকের পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের (আইএএ) গ্লোবাল বোর্ড সদস্য, কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির বাংলাদেশ প্রতিনিধি এবং ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে তিনি যোগাযোগ কৌশল, ব্র্যান্ড পরামর্শ, টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও তরুণদের ক্ষমতায়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে সাসটেইনেবিলিটি সামিট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস, রিটেইল কংগ্রেস, ইনোভেশন সামিট এবং কমিউনিকেশন অ্যাওয়ার্ডস অ্যান্ড লিডারশিপ সামিটের মতো উদ্যোগ এগিয়ে যাচ্ছে।
এ ছাড়া মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন সম্মেলন, জাতীয় স্বীকৃতি কার্যক্রম এবং নতুন প্রজন্মের মার্কেটিং পেশাজীবীদের প্রশিক্ষণে ভূমিকা রাখছেন। উদ্দেশ্যনির্ভর মার্কেটিং, তরুণদের সম্পৃক্ততা ও ব্র্যান্ডের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়ে তিনি এশিয়ার বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফোরামে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে নিয়মিত কলাম লেখেন। পাশাপাশি বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) ট্রাস্টি বোর্ডের সদস্য এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত রয়েছেন।