× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রায়ত্ত চিনিকলে বিনিয়োগে আসছে জাপানের মারুবেনি

আহমেদ তোফায়েল

প্রকাশ : ২৭ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পকে লাভজনক করতে বিনিয়োগের পরিকল্পনা করছে জাপানের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক চিনিকল স্থাপন, আখের উৎপাদন বৃদ্ধি এবং চিনির পাশাপাশি বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত উদ্যোগের আওতায় দেশের পশ্চিমাঞ্চলে তিনটি আধুনিক চিনিকল স্থাপন করা হবে। এর মধ্যে দুটি কারখানার প্রতিদিন আখ মাড়াইয়ের সক্ষমতা থাকবে চার হাজার টন করে। অন্যটির সক্ষমতা হবে ছয় হাজার টন। কারখানাগুলোতে স্থানীয় আখ থেকে চিনি উৎপাদনের পাশাপাশি আমদানি করা অপরিশোধিত চিনি পরিশোধনের ব্যবস্থাও রাখা হবে।

সোমবার মারুবেনির একটি প্রতিনিধিদল বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তবে বিনিয়োগের পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে অর্থায়নের পরিমাণ ও বিস্তারিত প্রস্তাব চূড়ান্ত করা হবে।

বিএসএফআইসির সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে করপোরেশনের সঙ্গে দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের পরিকল্পনা রয়েছে। থাইল্যান্ডের সুতেকসহ আরও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান এতে যুক্ত হতে পারে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর বিনিয়োগের কাঠামো নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত প্রকল্পে শুধু চিনিকল স্থাপন নয়, আখের উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। এজন্য একটি টিস্যু কালচার গবেষণাগার স্থাপন করা হবে। সেখানে উন্নত জাতের আখ উদ্ভাবন ও চাষ সম্প্রসারণের কাজ হবে। আধুনিক কৃষিপদ্ধতি ব্যবহারের মাধ্যমে আখের ফলন এবং আখ থেকে চিনি আহরণের হার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কারখানাগুলোতে যৌথ উৎপাদনব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সুবিধা থাকবে। প্রস্তাব অনুযায়ী, তিনটি কারখানা থেকে জাতীয় গ্রিডে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। প্রকল্পের আরেকটি অংশে উপযুক্ত সক্ষমতার ডিস্টিলারি স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে উৎপাদিত অ্যালকোহল রপ্তানি করা হবে। ওষুধ, প্রসাধনসামগ্রী, রঙসহ বিভিন্ন শিল্পে এটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে।

প্রকল্পের আওতায় তিনটি ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাবও রয়েছে। এগুলো চিনিকলের শ্রমিকদের পাশাপাশি আশপাশের গ্রামীণ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দেবে। বিএসএফআইসির সহযোগী প্রতিষ্ঠান রেনউইক অ্যান্ড কোম্পানিকে প্রকল্পের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ও স্থাপনের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ এবং লোকসান কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে।

দুই দশকের বেশি সময় ধরে রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প লোকসান, পুরনো যন্ত্রপাতি, কম উৎপাদনশীলতা এবং উৎপাদন ব্যয়ের চাপের মধ্যে রয়েছে। বিএসএফআইসির অধীনে দেশে মোট ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ২০২০-২১ মাড়াই মৌসুম থেকে শ্যামপুর, সেতাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, পাবনা ও কুষ্টিয়া চিনিকল বন্ধ রয়েছে। সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে এসব কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছিল।

অন্যদিকে চালু থাকা নয়টি চিনিকল থেকে উৎপাদিত চিনির পরিমাণও দেশের চাহিদার তুলনায় খুবই কম। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এসব কারখানায় উৎপাদন হয়েছে ৪৬ হাজার ১৮৭ টন চিনি। অথচ দেশে বছরে চিনির চাহিদা প্রায় ২০ লাখ টন। ফলে স্থানীয় উৎপাদন দিয়ে মোট চাহিদার সামান্য অংশই পূরণ করা সম্ভব হচ্ছে।

চিনি শিল্প আধুনিকায়নে বিদেশি বিনিয়োগের উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে থাইল্যান্ডের সুতেক ইঞ্জিনিয়ারিং, সংযুক্ত আরব আমিরাতের শারকারা ইন্টারন্যাশনাল এবং জাপানের সোজিৎসু মেশিনারি করপোরেশন চিনিকল আধুনিকায়নের প্রস্তাব দিয়েছিল। ২০১৯ সালে এ বিষয়ে সমঝোতা স্মারকও সই হয়। ২০২০ সালে থাইল্যান্ডের সুতেক সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেয়। তখন প্রতিষ্ঠানগুলো সরকারের সার্বভৌম গ্যারান্টির বিপরীতে ৫০০ কোটি টাকার পরিবর্তে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তবে বিএসএফআইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই সমঝোতা স্মারকের মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে।

বর্তমান সরকার বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে চিনি শিল্প আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে। বিএসএফআইসির মতে, বিদেশি বিনিয়োগ এ খাতকে লাভজনক করার পাশাপাশি আখচাষি ও শ্রমিকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা