জোসনা জামান
প্রকাশ : ১৬ মিনিট আগে
‘তথ্য আপা’ প্রকল্পের লোগো। ছবি: সংগৃহীত
পুরনো ‘তথ্য আপা’ প্রকল্পের নাম, কার্যক্রম, জনবল ও বাস্তবায়ন এলাকা বদলে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রকল্পের ব্যয় ১৫১ শতাংশের বেশি বাড়িয়ে ১ হাজার ৬৫৯ কোটি ৫২ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়াদ ২০২৬ সালের জুন থেকে বাড়িয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এত বড় পরিবর্তনের পরও সংশোধিত প্রকল্পের মাধ্যমে কার্যক্রম চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। তাদের পরামর্শ, প্রয়োজনীয় সমীক্ষা ও মূল্যায়ন করে নতুন প্রকল্প গ্রহণ করা হোক।
‘তথ্য আপা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের চতুর্থ সংশোধনীতে নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের সামাজিক সুরক্ষা প্রদান’ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। এ বিষয়ে গত ২৯ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের ব্যয়, মেয়াদ ও কার্যক্রমের পরিবর্তন নিয়ে আলোচনা হয়।
প্রকল্পের প্রস্তাব অনুযায়ী, ২০১৭ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রথমে ব্যয় ধরা হয়েছিল ৫৪৪ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকা। পরে তৃতীয় সংশোধনীতে তা বাড়িয়ে ৬৬১ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা করা হয়। মেয়াদও বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এবার চতুর্থ সংশোধনীতে আরও ৯৯৮ কোটি ৪৪ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে। এতে মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৬৫৯ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
প্রকল্পের আওতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৪৯২টি উপজেলায় কার্যক্রম চললেও নতুন প্রস্তাবে ৬৪ জেলার ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এজন্য প্রধান কার্যালয়সহ মোট ৫০৪টি কার্যালয় পরিচালনার প্রস্তাব রয়েছে। জনবল ১ হাজার ৯৯২ জন থেকে বাড়িয়ে ৩ হাজার ৩৮৫ করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার ১৬৬টি উদ্বুদ্ধকরণ বৈঠক আয়োজন করে ৪ কোটি ১০ লাখ নারী ও কিশোরীকে সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব কার্যক্রমে তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার, সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির কথা বলা হয়েছে।
প্রস্তাবে উপজেলা তথ্যকেন্দ্রের নাম পরিবর্তন করে ‘উপজেলা নারী সহায়ক কেন্দ্র’ করার কথা রয়েছে। একই সঙ্গে তথ্যসেবা কর্মকর্তা ও সহকারীর পদবি বদলে যথাক্রমে নারী উন্নয়ন কর্মকর্তা ও নারী উন্নয়ন সহকারী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অকেজো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ইউনিয়ন পর্যায়ে নতুন ইউনিট স্থাপন এবং অতিরিক্ত দায়িত্ব যুক্ত করার প্রস্তাবও রয়েছে।
ব্যয় বৃদ্ধির ব্যাখ্যায় প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা প্রতিদিনের বাংলাদেশকে জানান, নতুন এলাকায় কার্যক্রম সম্প্রসারণ, কেন্দ্র স্থাপন এবং জনবল বাড়ানোর কারণেই ব্যয় বাড়ছে। প্রকল্পের ৯২ শতাংশ ব্যয় রাজস্ব খাতে এবং ৮ শতাংশ মূলধন খাতে রাখার প্রস্তাব করা হয়েছে।
তবে পরিকল্পনা কমিশনের প্রশ্ন, মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা নারী ও কিশোরীদের জন্য নানা ধরনের সেবা দিচ্ছে। সেখানে একই ধরনের কার্যক্রম পরিচালনায় নতুন করে এ প্রকল্পের প্রয়োজনীয়তা কতটুকু? জবাবে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ড. ফারাহানা আইরিছ জানান, প্রকল্পের কাজ সরাসরি চিকিৎসা বা আইনি সেবা দেওয়া নয়। বরং এসব সেবা কোথায় পাওয়া যাবে, সে বিষয়ে নারীদের সচেতন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্পের পরিধি বাড়ানোর পক্ষে ইউনিয়ন পর্যায়ে সহায়তা সেল গঠনের নির্বাচনী অঙ্গীকার ও প্রকল্প পুনর্গঠনের নির্দেশনার কথা তুলে ধরা হয়।
তবে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের মতে, নাম, কার্যক্রম ও বাস্তবায়ন কাঠামোয় এত পরিবর্তনের ফলে প্রকল্পটি কার্যত নতুন প্রকল্পে পরিণত হয়েছে। তাই ব্যয় ও পরিধি বাড়ানোর আগে প্রয়োজন নিরূপণ এবং সম্ভাব্যতা সমীক্ষা করা উচিত। পাশাপাশি আগের প্রকল্পের বাস্তবায়ন মূল্যায়ন প্রতিবেদন তৈরির পর নতুন উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।