প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মিনিট আগে
আপডেট : ১৭ মিনিট আগে
মো. নুরুল আফছার। ছবি: সাউথইস্ট ব্যাংকের সৌজন্যে
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। তিনি দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পের পরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
দীর্ঘ ৩৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন মো. নুরুল আফছার বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ব্যবসায়িক দূরদর্শিতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনায় সাফল্য অর্জন করেছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।
এমবিএ ডিগ্রিধারী এই উদ্যোক্তা দেশ-বিদেশে বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০২৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড’-এ তিনি ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এ ছাড়া নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ লাভ করেন।
২০২৫ সালে শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে তিনি ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)’ সম্মাননা অর্জন করেন। ২০২৬ সালে ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ এবং কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। একই বছর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড’ ও ‘কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন মো. নুরুল আফছার। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবের সদস্য। এ ছাড়া বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের কার্যক্রমেও যুক্ত আছেন তিনি।