নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সোমবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় নিম্নতম মজুরির প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে গণমাধ্যমের সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের সভাটি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মালিকপক্ষ আশা প্রকাশ করে জানায়, নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে মালিকপক্ষ।
এতে আরও বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।