প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:০৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:১৮ পিএম
ছবি : সংগৃহীত
২০২৩ সালের প্রথম ৬ মাসের জন্য ২০ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। এই তেল কিনতে খরচ হবে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকা। ইন্দোনেশিয়ার বিএসপি, আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, চীনের পেট্টোচায়না, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি এবং চীনের আরেক প্রতিষ্ঠান ইউনিপেক থেকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীনে বিপিসির মাধ্যমে এ তেল কেনা হবে।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের দ্বিতীয় সভায় এসব অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে আরও ৫৪৫ কোটি ৪ লাখ টাকার ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার, যা বাস্তবায়িত হবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে।
এছাড়া ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুটি দেশ থেকে ৬০ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আসবে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনের কাছ থেকে, যা বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এতে খরচ হবে ১৫০ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা। এক্ষেত্রে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪৭০ ডলার, যা আগে ছিল ৪৮০ ডলার।
এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এতে সরকারের খরচ হবে ১৮৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৬০০ টাকা। সেই হিসাবে প্রতি মেট্রিক টন এমওপি সারের মূল্য দাঁড়াচ্ছে ৪৭০ মার্কিন ডলার। এর আগে ৫৫১ দশমিক ৭৬ ডলারে কেনা হয়েছিল। অর্থাৎ প্রতি মেট্রিক টনে ৮১ ডলার কম খরচ হবে সরকারের।
এদিকে দেশের চিনির চাহিদা মেটাতে ভারত থেকে প্রতি কেজি ৯৮ টাকা ৩৯ পয়সা দরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা খরচ হবে। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চিনি কেনা হবে।
এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য দেশীয় প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১৫২ কোটি ৭৩ লাখ টাকার সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবারের ক্রয়সংক্রান্ত কমিটির সভায় অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। যার জন্য মোট ১৯ হাজার ৫৩৪ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ১৬২ টাকা খরচ ধরা হয়েছে। খরচের ১৮ হাজার ৯৮৩ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৫৮০ টাকা দেবে সরকার। বাকি ৫৫১ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৫৮২ টাকা এডিবি ও দেশীয় ব্যাংকঋণ নেবে সরকার। প্রস্তাবনার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের ৩টি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১টি।